০১ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:২৫ পিএম

শহীদ জিয়াউর রহমান মেডিকেলে সীরাত অলিম্পিয়াড ও সেমিনার অনুষ্ঠিত

শহীদ জিয়াউর রহমান মেডিকেলে সীরাত অলিম্পিয়াড ও সেমিনার অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে (শজিমেক) মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর জীবন ও আদর্শকে কেন্দ্র করে ‘সীরাত অলিম্পিয়াড ও সেমিনার’ অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩০ আগস্ট) শজিমেক সীরাত সোসাইটির আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মেডিকেল শিক্ষার্থীদের মধ্যে মহানবী (সা.) এর জীবন, শিক্ষা ও আদর্শ সম্পর্কে আগ্রহ তৈরি এবং সীরাতচর্চাকে উৎসাহিত করতেই এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন ইসলামী চিন্তাবিদ, আলোচক ও গবেষক মুফতী আলী হাসান উসামা। আলোচনায় তিনি মহানবী (সা.) এর জীবনাদর্শের বিভিন্ন দিক, নৈতিক শিক্ষা ও মানবিক মূল্যবোধ নিয়ে আলোচনা করেন।

শজিমেকের প্রফেসর ডা. সলিমুল্লাহ আকন্দ, এমএস (জেনারেল সার্জারি) অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে আরও উপস্থিত ছিলেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক (শিশু বিশেষজ্ঞ) ডা. মো. লিয়াকত আলী এবং বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. এস. এম. নূরে-ই-শাদীদ, এমএস (পেডিয়াট্রিক সার্জারি)।

এ ছাড়া কলেজের শিক্ষক-শিক্ষার্থী, সীরাত সোসাইটির সদস্য এবং বিভিন্ন পর্যায়ের অতিথিরা অনুষ্ঠানে অংশ নেন।

সেমিনারের আগে শিক্ষার্থীদের নিয়ে আয়োজন করা হয় সীরাত অলিম্পিয়াড। এতে কলেজের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। মহানবী (সা.) এর জীবন ও কর্ম, ইসলামের ইতিহাস এবং তাঁর আদর্শ সম্পর্কে শিক্ষার্থীদের জ্ঞান যাচাইয়ের পাশাপাশি সীরাত বিষয়ে তাঁদের আগ্রহ বাড়ানো ছিল অলিম্পিয়াডের অন্যতম লক্ষ্য।

সেমিনারে বক্তারা বলেন, চিকিৎসাবিজ্ঞানে দক্ষতা অর্জনের পাশাপাশি একজন চিকিৎসকের মধ্যে মানবিক গুণাবলি, নৈতিকতা ও মানুষের প্রতি সেবার মানসিকতা থাকা জরুরি। মহানবী (সা.) এর জীবন ও আদর্শ একজন চিকিৎসকের ব্যক্তিগত ও পেশাগত জীবনে এসব গুণ বিকাশে অনুপ্রেরণা দিতে পারে।

এ সময় আয়োজকরা জানান, মেডিকেল শিক্ষার্থীদের মধ্যে মহানবী (সা.) এর জীবন ও আদর্শের চর্চা বাড়ানো এবং তাঁদের জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ চিকিৎসক হিসেবে গড়ে ওঠার অনুপ্রেরণা দেওয়াই এ আয়োজনের উদ্দেশ্য। শিক্ষার্থীদের ইতিবাচক সাড়া পাওয়ায় ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম আয়োজনের পরিকল্পনা রয়েছে।

এনএইচ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত