২৭ অগাস্ট, ২০২৬ ০৭:০৪ পিএম

মেডিকেল টেকনোলজিস্টদের ১০ম গ্রেডসহ ২৪ ঘণ্টা সেবা চালুর দাবি এনডিএফের

মেডিকেল টেকনোলজিস্টদের ১০ম গ্রেডসহ ২৪ ঘণ্টা সেবা চালুর দাবি এনডিএফের
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: মেডিকেল টেকনোলজিস্টদের ১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীত করা, নতুন পদ সৃষ্টি ও নিয়োগ এবং স্বাস্থ্যসেবার রোগ নির্ণয় বিভাগে ২৪ ঘণ্টা পরীক্ষা নিরীক্ষা সেবা চালুর দাবি জানিয়েছে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)।

আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) রেডিওলজি অ্যান্ড ইমেজিং টেকনোলজিস্টদের সংগঠনের ৭ম সম্মেলন উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে এ দাবি জানান সংগঠনটির জেনারেল সেক্রেটারি অধ্যাপক ডা. মাহমুদ হোসেন।

বিবৃতিতে বলা হয়, চিকিৎসাবিজ্ঞানে রোগ নির্ণয় ব্যবস্থার গুরুত্বপূর্ণ জনশক্তি হিসেবে মেডিকেল টেকনোলজিস্টরা কাজ করছেন। বর্তমানে দেশে প্রায় অর্ধলক্ষ মেডিকেল টেকনোলজিস্ট প্রশিক্ষণ ও শিক্ষা শেষ করলেও সরকারি চাকরিতে কর্মরত আছেন মাত্র প্রায় আট হাজার। ফলে একদিকে এই খাতে বেকারত্ব বাড়ছে, অন্যদিকে সরকারি প্রতিষ্ঠানগুলোতে স্বল্প খরচে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা দেওয়ার সক্ষমতা বাধাগ্রস্ত হচ্ছে।

এনডিএফ বলছে, জনসেবা সম্প্রসারণের পাশাপাশি সরকারি প্রতিষ্ঠানের রাজস্ব আয় বাড়াতেও দক্ষ টেকনিক্যাল জনবল নিয়োগ দেওয়া প্রয়োজন। রোগ নির্ণয় বিভাগের সেবা ২৪ ঘণ্টা চালু রাখতে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় পদ সৃষ্টিরও দাবি জানিয়েছে সংগঠনটি।

বিবৃতিতে আরও বলা হয়, দীর্ঘদিন ধরে নিয়োগ না হওয়ায় বিভিন্ন পদ শূন্য রয়েছে। পাশাপাশি অনেক ক্ষেত্রে প্রয়োজনীয় মেশিনারিজ চালু না থাকায় রোগ নির্ণয় সেবা ব্যাহত হচ্ছে। এসব সমস্যা সমাধানে দ্রুত পদ সৃষ্টি ও জনবল নিয়োগের উদ্যোগ নেওয়া জরুরি।

এ ছাড়া অন্যান্য ডিপ্লোমাধারীদের মতো মেডিকেল টেকনোলজিস্টদেরও ১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়েছে এনডিএফ।

সংগঠনটি মনে করে, মেডিকেল টেকনোলজিস্টদের জন্য উপযুক্ত ক্যারিয়ার পরিকল্পনা, উচ্চশিক্ষার সুযোগ এবং কাজের স্বীকৃতি নিশ্চিত করা হলে স্বাস্থ্যসেবার মান আরও উন্নত হবে। এ বিষয়ে কার্যকর উদ্যোগ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে।

একই সঙ্গে দেশের স্বাস্থ্যব্যবস্থার উন্নয়নে মেডিকেল টেকনোলজিস্টদের আরও দক্ষতা, নৈতিকতা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছে ন্যাশনাল ডক্টরস ফোরাম।

এনএইচ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট