২৯ জুলাই, ২০২৬ ০৩:৫২ পিএম

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনকালে অনুপস্থিত: সাতক্ষীরায় চার চিকিৎসক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনকালে অনুপস্থিত: সাতক্ষীরায় চার চিকিৎসক বরখাস্ত
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শনকালে কোনো ধরনের পূর্বানুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত থাকায় চার চিকিৎসককে সাময়িক বরখাস্ত করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

আজ মঙ্গলবার (২৮ জুলাই) মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের আলাদা আলাদা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্যসচিব মো. কামরুজ্জামান চৌধুরী স্বাক্ষরিত প্রজ্ঞাপন অনুযায়ী চার চিকিৎসক হলেন- সাতক্ষীরা মেডিকেল কলেজের জুনিয়র কনসালটেন্ট (ইএনটি) ডা. সোহানা সেলিম, সাতক্ষীরা সদর হাসপাতালের রেডিওলজিস্ট ডা. পলাশ কুমার সরকার, সাতক্ষীরা তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শাওলী নানজীবা তন্বী ও সাতক্ষীরা সদর হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট (ইএনটি) ডা. মো. হাছিবুর রহমান।

এর আগে, গত ২৬ জুলাই সাতক্ষীরার বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এসময় কর্মস্থলে কোনো ধরনের অনুমোদন ছাড়াই অনুপস্থিত ছিলেন এই চার চিকিৎসক। এছাড়া তাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগ রয়েছে। এরই মধ্যে এই পরিপ্রেক্ষিতে তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করেছে স্বাস্থ্য বিভাগ।

প্রজ্ঞাপনে বলা হয়, ‘সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৩৯(১) ধারা অনুযায়ী, কোনো কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় কার্যধারা প্রস্তাব বা বিভাগীয় কার্যধারা রুজু করা হলে সরকার বা নিয়োগকারী কর্তৃপক্ষ অভিযোগের মাত্রা ও প্রকৃতি, অভিযুক্ত কর্মচারীকে তার (তাদের) দায়িত্ব হইতে বিরত রাখিবার আবশ্যকতা, তৎকর্তৃক তদন্তকার্যে প্রভাব বিস্তারের আশঙ্কা, ইত্যাদি বিবেচনা করে তাকে (তাদের) সাময়িক বরখাস্ত করতে পারবে। চার চিকিৎসককে সাময়িক বরখাস্তের প্রজ্ঞাপনের তারিখ (২৭ জুলাই) থেকে চাকরি হতে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্ত থাকাকালে তারা বিধি অনুযায়ী খোরপোশ ভাতা প্রাপ্য হবেন।’

এমআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত