জনগণের সেবায় রাজনীতি করার আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর
মেডিভয়েস রিপোর্ট: জনপ্রতিনিধিদের ক্ষমতা বা ব্যক্তিগত সম্পদ অর্জনের পরিবর্তে জনকল্যাণকে অগ্রাধিকার দিয়ে রাজনীতি করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত। তিনি বলেন, রাজনীতিতে সততা, জবাবদিহিতা ও জনসেবাকেই প্রধান ভিত্তি হিসেবে প্রতিষ্ঠা করতে হবে।
আজ শনিবার (২৫ জুলাই) সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার জামিরতায় নবনির্মিত জামিরতা ভিশন সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. এম এ মুহিত বলেন, দেশের রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আনা জরুরি। জনপ্রতিনিধিদের জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পর শুধু নির্বাচনের সময় নয়, পুরো মেয়াদজুড়েই মানুষের পাশে থেকে দায়িত্ব পালন করতে হবে।
তিনি বলেন, রাজনীতি ব্যক্তিগত সুবিধা অর্জনের ক্ষেত্র হতে পারে না। বরং যারা জনগণের প্রতিনিধিত্ব করবেন, তারা নির্দিষ্ট সময়ের জন্য পূর্ণসময় জনগণের কল্যাণে কাজ করবেন। দায়িত্ব শেষে তাদের কর্মকাণ্ডের মূল্যায়ন হবে জনসেবার ভিত্তিতে, ব্যক্তিগত সম্পদ বৃদ্ধির মাধ্যমে নয়।
প্রধানমন্ত্রীর কর্মনিষ্ঠার উদাহরণ তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, রাষ্ট্র পরিচালনায় নিষ্ঠা, সময়ানুবর্তিতা ও দায়িত্ববোধ জনপ্রতিনিধিদের জন্যও অনুসরণীয় হওয়া উচিত।
বক্তব্যে তিনি স্বাস্থ্যসেবা সম্প্রসারণের বিষয়েও গুরুত্বারোপ করেন। তিনি বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে আধুনিক চক্ষুচিকিৎসা পৌঁছে দেওয়ার যে উদ্যোগ নেওয়া হয়েছে, শাহজাদপুরের জামিরতা ভিশন সেন্টার সেই প্রচেষ্টার একটি গুরুত্বপূর্ণ সংযোজন। তথ্যপ্রযুক্তির সহায়তায় এখানকার মানুষ নিজ এলাকায় থেকেই বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ ও চিকিৎসাসেবা গ্রহণ করতে পারবেন।
অনুষ্ঠানে শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিন, অরবিস ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর ডা. মুনীর আহমেদসহ স্থানীয় প্রশাসন, স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট ব্যক্তি এবং বিভিন্ন পর্যায়ের অতিথিরা উপস্থিত ছিলেন।
এনএইচ/