ডা. আরাফাত হোসেন

ডা. আরাফাত হোসেন

ডা. আরাফাত হোসেন 
এমবিবিএস, ঢাকা মেডিকেল কলেজ


১৯ জুলাই, ২০২৬ ০৫:৩৫ পিএম

সাপের কামড়ে কখন অ্যান্টিভেনম জরুরি?

সাপের কামড়ে কখন অ্যান্টিভেনম জরুরি?
প্রতীকী ছবি

বর্ষাকালে সাপের উপদ্রব বেড়ে যায়। বিশেষ করে মাঠে-ঘাটে কাজ করা মানুষ, বাইরে নিয়মিত চলাফেরা করেন এমন ব্যক্তি, পাহাড়ি এলাকা ও গ্রামাঞ্চলের বাসিন্দাদের সাপে কাটার ঝুঁকি তুলনামূলক বেশি। এ সময়ে হাসপাতালে সাপে কাটা রোগীর সংখ্যাও বেড়ে যায়।

সাম্প্রতিক, বন্যার পানি নামতে শুরু করলেও বন্দরনগরী চট্টগ্রামে কাটেনি সাপ আতঙ্ক। বন্যা শুরুর পর থেকেই প্রতিনিয়ত সাপের কামড়ে আহত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন নতুন নতুন রোগী।

অনেক রোগী সাপের কামড়ের পর দ্রুত হাসপাতালে আসেন, আবার কেউ কেউ দেরিতে আসেন। যারা দ্রুত হাসপাতালে আসেন, তাদের ক্ষেত্রে অ্যান্টিভেনম (বিষনাশক) দেওয়া সহজ হয় এবং জটিলতার ঝুঁকিও কম থাকে। তবে দেরি হলে রোগীর জন্য পরিস্থিতি ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে।

কোন সাপের কামড়ে অ্যান্টিভেনম প্রয়োজন?

অ্যান্টিভেনম কেবল বিষধর সাপের কামড়ের ক্ষেত্রেই প্রয়োজন হয়। বাংলাদেশে কোবরা (গোখরা), ক্রেইট ও রাসেলস ভাইপার বিষধর সাপ হিসেবে পরিচিত। এসব সাপের কামড়ে দ্রুত অ্যান্টিভেনম দেওয়া জরুরি। অন্যদিকে দাড়াশসহ বিষহীন সাপের কামড়ে অ্যান্টিভেনমের প্রয়োজন হয় না।

কীভাবে বুঝবেন বিষধর সাপ কামড়েছে?

অনেক সময় মানুষ বুঝতেই পারেন না কোন প্রাণী কামড় দিয়েছে। এ ক্ষেত্রে কয়েকটি লক্ষণের দিকে খেয়াল রাখতে হবে—

১. কামড়ের স্থানে দুটি দাঁতের দাগ (ফ্যাং মার্ক) দেখা যেতে পারে,
২. কামড়ের স্থান দ্রুত ফুলে যাওয়া ও তীব্র ব্যথা হওয়া, 
৩. চোখের পাতা ঝুলে পড়া বা চোখ খুলতে না পারা, 
৪. একই জিনিস দুটি দেখা (ডাবল ভিশন), 
৫. শ্বাসকষ্ট শুরু হওয়া, 
৬. ঘাড় সোজা করে রাখতে না পারা (ব্রোকেন নেক সাইন) ও
৭. কিছু বিষধর সাপের কামড়ে ক্ষতস্থান থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হতে পারে।

এসব লক্ষণের যেকোনোটি দেখা দিলে দ্রুত হাসপাতালে যেতে হবে এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অ্যান্টিভেনম নিতে হবে।

কত সময়ের মধ্যে অ্যান্টিভেনম নিবেন?

সাপের কামড়ের পর যত দ্রুত সম্ভব হাসপাতালে যাওয়া উচিত। আদর্শভাবে এক থেকে দুই ঘণ্টার মধ্যে অ্যান্টিভেনম দেওয়া সবচেয়ে উপকারী। তবে এর চেয়ে বেশি সময় পার হলেও চিকিৎসা নেওয়া বন্ধ করা যাবে না। দেরি হলেও যত দ্রুত সম্ভব হাসপাতালে যেতে হবে।

সাপের ছবি বা মৃত সাপ সঙ্গে নেওয়া কি উপকারী?

অনেক রোগী সাপটিকে মেরে বা ছবি তুলে হাসপাতালে নিয়ে আসেন। এতে চিকিৎসকদের জন্য সাপটি বিষধর কি-না, তা শনাক্ত করা সহজ হয় এবং দ্রুত চিকিৎসার সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়। তবে সাপ ধরতে বা মারতে গিয়ে নতুন করে ঝুঁকি নেওয়া উচিত নয়।

কোথায় অ্যান্টিভেনম পাওয়া যায়?

সরকারি ব্যবস্থাপনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জেলা সদর হাসপাতাল এবং মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে অ্যান্টিভেনম সরবরাহ থাকার কথা। এ ছাড়া কিছু বেসরকারি প্রতিষ্ঠানও অ্যান্টিভেনমের ব্যবস্থা করে থাকে।

সাপে কামড়ালে ওঝা বা ঝাড়ফুঁকের ওপর নির্ভর না করে যত দ্রুত সম্ভব নিকটস্থ হাসপাতালে গিয়ে চিকিৎসা নেওয়াই জীবন বাঁচানোর সবচেয়ে কার্যকর উপায়।

এমআই/এমইউ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত