পাঁচ দিনের সফরে তুরস্ক গেলেন সেনাবাহিনী প্রধান
মেডিভয়েস রিপোর্ট: পাঁচ দিনের সরকারি সফরে তুরস্ক গেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তুরস্ক সরকারের আমন্ত্রণে আজ রোববার (১৯ জুলাই) দেশটির উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি।
সকালে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।
এতে বলা হয়েছে, সফরকালে সেনাবাহিনী প্রধান তুরস্কের বিভিন্ন প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠান পরিদর্শন করবেন। এ ছাড়াও বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার প্রতিরক্ষা বিষয়ক দ্বিপক্ষীয় সম্পর্ক অধিকতর উন্নয়ন ও জোরদার করার লক্ষ্যে তিনি তুরস্কের সশস্ত্র বাহিনী ও প্রতিরক্ষা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন।
প্রসঙ্গত, সাম্প্রতিক বছরগুলোতে তুরস্ক থেকে বাইরাকতার টিবি২ ড্রোনসহ বিভিন্ন সামরিক সরঞ্জাম সংগ্রহ করেছে বাংলাদেশ। পাশাপাশি দুই দেশের মধ্যে প্রতিরক্ষা শিল্প, সামরিক প্রশিক্ষণ এবং প্রযুক্তি বিনিময়ও ধারাবাহিকভাবে বৃদ্ধি পেয়েছে।
সংশ্লিষ্ট মহলের মতে, ২০ থেকে ২৪ জুলাই অনুষ্ঠেয় সেনাপ্রধানের এই সফর বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সম্পর্ককে আরও গভীর ও কার্যকর করবে। একই সঙ্গে আধুনিক সামরিক প্রযুক্তি, প্রশিক্ষণ ও প্রতিরক্ষা শিল্পে দুই দেশের সহযোগিতাকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার পথ সুগম হতে পারে।
এমইউ/