ফিলিপাইনে নার্সিং ও স্বাস্থ্যকর্মী উন্নয়নবিষয়ক শিক্ষা সফরে যাচ্ছেন স্বাস্থ্যের ছয় কর্মকর্তা
মেডিভয়েস রিপোর্ট: নার্সিং ও স্বাস্থ্যকর্মী উন্নয়ন নিয়ে শিক্ষা সফরে অংশ নিতে ফিলিপাইনে যাচ্ছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের ছয়জন কর্মকর্তা। ১৯ থেকে ২৫ জুলাই পর্যন্ত অনুষ্ঠিতব্য ‘নার্সিং অ্যান্ড হেলথ ওয়ার্কফোর্স ডেভেলপমেন্ট’ শীর্ষক এই শিক্ষা সফরে তাঁরা অংশ নেবেন।
বৃহস্পতিবার (১৬ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের চিকিৎসা শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের প্রশাসন-১ শাখা থেকে এক আদেশ এ তথ্য জানানো হয়েছে।
প্রশাসন-১ শাখার উপসচিব মো. জাকির হোসেন স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, সফরকারী দলের নেতৃত্বে থাকছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর মর্যাদা) এস এম জিয়াউদ্দিন হায়দার। দলের অন্য সদস্যরা হলেন—নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) দিল আফরোজা, চিকিৎসা শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের যুগ্ম সচিব ডা. সৈয়দা সালমা বেগম, উপসচিব মো. জাকির হোসেন, উপসচিব নাহিদা পারভীন এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রীর একান্ত সহকারী (এপিএস) মো. আল মামুন।
আদেশে আরও বলা হয়েছে, শিক্ষা সফরটি ১৯ থেকে ২৫ জুলাই অনুষ্ঠিত হবে। প্রয়োজনে যাতায়াতের সুবিধা অনুযায়ী নিকটতম সময়ে সফর সম্পন্ন করা যাবে। সফরের সময় এবং যাতায়াত ও ট্রানজিটে ব্যয়িত সময় সরকারি দায়িত্ব পালনকাল (অন ডিউটি) হিসেবে গণ্য হবে।
আদেশ অনুযায়ী, সফর-সংক্রান্ত সব ব্যয় বহন করবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এ সফরের জন্য বাংলাদেশ সরকারের কোনো আর্থিক ব্যয় হবে না।
এমআই/