১৮ জুলাই, ২০২৬ ০১:২৯ পিএম

রামেবির ফাইনাল প্রফে পাশের হারে শীর্ষে মাগুরা মেডিকেল কলেজ

রামেবির ফাইনাল প্রফে পাশের হারে শীর্ষে মাগুরা মেডিকেল কলেজ
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: মাগুরা মেডিকেল কলেজের (মামেক) তৃতীয় ব্যাচের শিক্ষার্থীরা চতুর্থ ও শেষ পেশাগত এমবিবিএস পরীক্ষায় শতভাগ পাসের গৌরব অর্জন করেছেন। রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) অধীনে অনুষ্ঠিত এ পরীক্ষায় কলেজটি ৯৫ শতাংশ পাসের হার নিয়ে অধিভুক্ত ২৪টি সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের মধ্যে শীর্ষস্থান অর্জন করেছে।

বুধবার (১৫ জুলাই) রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় চতুর্থ পেশাগত এমবিবিএস পরীক্ষার ফলাফল প্রকাশ করে।

ফলাফল অনুযায়ী, মাগুরা মেডিকেল কলেজ (মামেক) থেকে মোট ৪৪ জন পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে ৪২ জন উত্তীর্ণ হন। তৃতীয় ব্যাচের ৪১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে প্রথমবারেই শতভাগ সফলতা অর্জন করেন। এ ছাড়া দ্বিতীয় ব্যাচের একজন শিক্ষার্থীও এ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। সব মিলিয়ে কলেজটির পাসের হার দাঁড়িয়েছে ৯৫ শতাংশ, যা অধিভুক্ত ২৪টি সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের মধ্যে সর্বোচ্চ।

এ সাফল্যের পেছনে শিক্ষক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টা, নিয়মিত একাডেমিক কার্যক্রম এবং অতিরিক্ত পাঠদানকে প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছেন কলেজ কর্তৃপক্ষ।

মাগুরা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. কামরুল হাসান বলেন, 'এই সাফল্যের পুরো কৃতিত্ব আমাদের শিক্ষক ও শিক্ষার্থীদের। শিক্ষকসংকট থাকা সত্ত্বেও আমাদের শিক্ষকরা নিয়মিত পাঠদানের পাশাপাশি অতিরিক্ত ক্লাস নিয়ে শিক্ষার্থীদের পরীক্ষার জন্য প্রস্তুত করেছেন। অনেক ক্ষেত্রে একজন শিক্ষককে চার থেকে পাঁচজন শিক্ষকের সমপরিমাণ দায়িত্ব পালন করতে হয়েছে। এরপরও তাঁরা নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কারিকুলাম সম্পন্ন করেছেন। এজন্য আমি আমাদের সব শিক্ষকের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সঙ্গে শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম ও একাগ্রতাও এই সাফল্যের অন্যতম ভিত্তি।'

ফলাফলের মূল্যায়ন প্রসঙ্গে তিনি বলেন, 'আমাদের শিক্ষার্থীদের ফলাফল নিয়ে কোনো ধরনের প্রশ্ন তোলার সুযোগ নেই। কারণ প্রতিটি পেশাগত পরীক্ষায় একজন ইন্টারনাল পরীক্ষকের পাশাপাশি তিনজন এক্সটারনাল পরীক্ষক মৌখিক (ভাইভা) ও ব্যবহারিক পরীক্ষা গ্রহণ করেন। তাঁদের নিরপেক্ষ মূল্যায়নের ভিত্তিতেই ফলাফল নির্ধারিত হয়। এক্সটারনাল পরীক্ষকরাও মাগুরা মেডিকেল কলেজের শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা ও পরীক্ষার পারফরম্যান্সে সন্তোষ প্রকাশ করেছেন।'

কলেজের একাডেমিক কো অর্ডিনেটর অধ্যাপক ডা. আ ত ম আবদুল্লাহিল কাফি বলেন, 'এই সাফল্য আমাদের জন্য নতুন নয়। এর আগেও রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মেডিকেল কলেজগুলোর বিভিন্ন পেশাগত এমবিবিএস পরীক্ষায় চারবার প্রথম স্থান অর্জন করেছে মাগুরা মেডিকেল কলেজ। ধারাবাহিক এই সাফল্যের পেছনে রয়েছে শিক্ষক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টা, নিয়মিত একাডেমিক কার্যক্রম এবং আন্তরিক পরিশ্রম।'

তিনি আরও বলেন, 'আমাদের শিক্ষার্থীর সংখ্যা তুলনামূলকভাবে কম হওয়ায় শিক্ষকরা প্রত্যেককে নিবিড়ভাবে একাডেমিক ও মানসিক সহায়তা দিতে পারেন, যা তাদের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি আমাদের শিক্ষার্থীরা উচ্চতর চিকিৎসা শিক্ষার ক্ষেত্রেও নিজেদের যোগ্যতার প্রমাণ দিচ্ছে। ইতোমধ্যে কলেজের প্রথম ব্যাচের ১১ জন চিকিৎসক ইন্টার্নশিপ সম্পন্ন করার এক বছরের মধ্যেই এফসিপিএস পার্ট ১ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, যা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়।'

কলেজ কর্তৃপক্ষের আশা, ভবিষ্যতেও এ ধারাবাহিক সাফল্য বজায় রেখে চিকিৎসা শিক্ষার মানোন্নয়নে মাগুরা মেডিকেল কলেজ গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

এনএইচ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত