আগামী তিন দিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই: আবহাওয়া অধিদপ্তর
মেডিভয়েস রিপোর্ট: আগামী তিন দিন দেশে ভারী বর্ষণের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে উত্তরাঞ্চলের রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আজ মঙ্গলবার (১৪ জুলাই) সকালে রাজধানীর আগারগাঁওয়ে আবহাওয়া অফিসে সাংবাদিকদের এ তথ্য জানান আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির।
তিনি জানান, আগামী তিন দিন দেশে বৃষ্টির প্রবণতা তুলনামূলক কম থাকবে। তবে ১৭ জুলাইয়ের পর সারাদেশে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। এছাড়া জুলাইয়ের শেষ দিকে বঙ্গোপসাগরে আরেকটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এটি আগের তুলনায় কম শক্তিশালী হতে পারে বলে ধারণা করছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ আরও জানান, পাহাড়ি এলাকাগুলোতে আপাতত ভারী বৃষ্টিপাতের আশঙ্কা নেই। ফলে পাহাড় ধসের বিষয়ে কোনো সতর্কতা জারি করা হয়নি। একই সঙ্গে আজ থেকে দেশের সব নদীবন্দর ও সমুদ্রবন্দর সতর্ক সংকেতের আওতামুক্ত থাকবে।
এমআর/