১৩ জুলাই, ২০২৬ ১২:১২ পিএম

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মনিরুজ্জামানের পদায়ন বাতিল

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মনিরুজ্জামানের পদায়ন বাতিল
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বরিশাল বিভাগের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. এস এম মনিরুজ্জামানের পদায়ন বাতিল করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্র‌নালয়।

রোববার (১২ জুলাই) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। 

পার-২ শাখার উপসচিব সুজিৎ দেবনাথ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘গত ৫ জুলাই ২০২৬ তারিখে জারি করা প্রজ্ঞাপনের যে অংশে ডা. এস এম মনিরুজ্জামান (কোড: ১০৯৯২৪), উপপরিচালক, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালকে বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) (চলতি দায়িত্ব), বরিশাল বিভাগে বদলিপূর্বক পদায়ন করা হয়েছিল, সেই অংশটি নির্দেশক্রমে বাতিল করা হয়েছে।’

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে।

এর আগে তিনি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ছিলেন।

ডা. এস এম মনিরুজ্জামান বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের বিরুদ্ধে শান্তি সমাবেশে অংশগ্রহণ বলে অভিযোগ করেন চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের একাংশ। এই অভিযোগে যোগদানের পর গত ৮ জুলাই দুপুরে তাকে অপসারণের দাবিতে বিক্ষোভ করেন তারা। আন্দোলনকারীরা তার কার্যালয়ে থেকে বের করে দিয়ে কক্ষে তালা ঝুলিয়ে দেন।

পরে একই দিন সকাল থেকে বরিশাল নগরীর ব্রাউন কম্পাউন্ডে বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের সামনে আন্দোলনকারীরা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন।

আন্দোলনকারীদের অভিযোগ, ডা. মনিরুজ্জামান পতিত আওয়ামী লীগ সরকারের আমলে শের-ই-বাংলা মেডিকেল কলেজের উপ-পরিচালক থাকাকালে সরকারপন্থি ‘শান্তি সমাবেশ’-এর অন্যতম নেতৃত্বদানকারী ছিলেন।

গণঅভ্যুত্থানের পরও এমন একজন বিতর্কিত কর্মকর্তাকে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের মতো গুরুত্বপূর্ণ পদে পদায়ন করা হয়েছে, যা তারা মেনে নিতে পারছেন না। তাদের দাবি, ডা. মনিরুজ্জামানের পদায়ন অবিলম্বে বাতিল করে সৎ ও যোগ্য একজন কর্মকর্তাকে নিয়োগ দিতে হবে।

তবে এসব অভিযোগ অস্বীকার করে মনিরুজ্জামান শাহীন বলেন, ‘আমি প্রশাসনিক দায়িত্বে ছিলাম। দায়িত্ব পালনের অংশ হিসেবে সরকারের বিভিন্ন সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হয়েছে। যোগদানের পর বিক্ষোভ শুরুর আগেই আমি কার্যালয় ছেড়ে চলে আসি। পরে শুনেছি, আমার কক্ষে তালা দেওয়া হয়েছে।’

এদিকে জেলা ড্যাবের সাধারণ সভাপতি ডা. কবিরুজ্জামান বলেন, ডা. মনিরুজ্জামান ছাত্রজীবনে ছাত্রদল করতেন। আওয়ামী লীগ সরকারের সময়ও তিনি ড্যাবের সঙ্গে যুক্ত ছিলেন। শেবাচিম হাসপাতালে প্রশাসনিক দায়িত্বে থাকায় সে সময় বিভিন্ন সরকারি কর্মসূচিতে অংশ নিতে বাধ্য হয়েছেন।

অন্যদিকে সদ্য যোগ দেওয়া ডা. এস এম মনিরুজ্জামানের পদায়ন বাতিলের দাবিতে মানববন্ধন করেছেন ‘সচেতন নাগরিক’ ব্যানারের অংশগ্রহণকারীরা।

মানববন্ধনে সভাপতিত্ব করেন শের-ই-বাংলা মেডিকেল কলেজ শাখা ড্যাবের সভাপতি ডা. নজরুল ইসলাম সেলিম। এতে ড্যাবের নেতাকর্মী ও মেডিকেল কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।

মানববন্ধনে ডা. নজরুল ইসলাম সেলিম অভিযোগ করেন ডা. এস এম মনিরুজ্জামান জুলাই আন্দোলনের সময় আন্দোলনবিরোধী অবস্থানে ছিলেন এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে ভূমিকা পালন করেছিলেন। এ ধরনের অভিযোগ থাকা একজন কর্মকর্তাকে বিভাগের স্বাস্থ্য পরিচালকের দায়িত্ব দেওয়ায় উদ্বেগ প্রকাশ করে তিনি অবিলম্বে তার পদায়ন বাতিল এবং জুলাই আন্দোলনের পক্ষে অবস্থান নেওয়া কাউকে ওই পদে নিয়োগ দেওয়ার দাবি জানান।

►প্রজ্ঞাপনটি দেখতে ক্লিক করুন

এমআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা

চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

  এই বিভাগের সর্বাধিক পঠিত