নতুন হাসপাতাল হচ্ছে ১৩ উপজেলায়, ৪১৮টি স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত
মেডিভয়েস রিপোর্ট: গ্রামীণ স্বাস্থ্যসেবার পরিধি ও মান উন্নয়নের লক্ষ্যে দেশের ৪১৮টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে পর্যায়ক্রমে ১০১ শয্যায় উন্নীত করার উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে নতুন আরও ১৩টি উপজেলায় ১০১ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে।
বুধবার (৮ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখা থেকে জারি করা এক সরকারি পত্রে এ তথ্য জানানো হয়েছে।
সরকারি পত্রে বলা হয়েছে, গ্রামীণ জনগণের জন্য স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য, মানসম্মত ও কার্যকর করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন অনুমোদন পাওয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো হলো— মাদারীপুরের ডাসার, কক্সবাজার সদর, কক্সবাজারের ঈদগাঁও, সুনামগঞ্জের মধ্যনগর, গোপালগঞ্জের কাশিয়ানী, চট্টগ্রামের চন্দনাইশ, বরিশাল অঞ্চলের গুটিয়া/বানারীপাড়া, নোয়াখালীর ভাসানচর, কক্সবাজারের মহেশখালী, পেকুয়া, ঝালকাঠির নলছিটি-রাজাপুর সীমানা অঞ্চল, ময়মনসিংহের তারাকান্দা এবং চাঁদপুরের হাজীগঞ্জ-শাহরাস্তি সংযোগ অঞ্চল।
এ সিদ্ধান্ত বাস্তবায়নের অংশ হিসেবে বিদ্যমান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১০১ শয্যায় উন্নীত করার জন্য প্রয়োজনীয় উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) প্রণয়ন এবং প্রয়োজনীয় জনবল সৃষ্টির প্রস্তাব পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। একই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছেও চিঠি পাঠিয়েছে স্বাস্থ্য সেবা বিভাগ।
বর্তমানে দেশের অধিকাংশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩১ থেকে ৫০টি শয্যা রয়েছে। পরিকল্পনা বাস্তবায়িত হলে উপজেলা পর্যায়ে রোগী ভর্তি সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। এর ফলে গ্রামীণ জনগণ নিজ নিজ এলাকায় আরও উন্নত, বিস্তৃত ও বিশেষায়িত স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগ পাবেন বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
এনএইচ/