সারা দেশে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু: মোট মৃত্যু ৭৪৭
মেডিভয়েস রিপোর্ট: সারা দেশে হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় দেশে আরও দুই শিশু মারা গেছে। তবে এই সময়ে হামের নিশ্চিত সংক্রমণে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
আজ বৃহস্পতিবার (৯ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গতকাল বুধবার সকাল আটটা থেকে আজ সকাল আটটা পর্যন্ত সময়ে শিশুমৃত্যুর ঘটনাগুলো ঘটে। এ নিয়ে চলতি বছরের গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে ৬৫৪ জন শিশু। আর নিশ্চিত হামে মৃত্যু ৯৩ জন শিশুর। সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা ৭৪৭ জন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ৮১৮ জন শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার তথ্য পাওয়া গেছে। চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা এক লাখ আট হাজার ৯৯৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, সর্বশেষ ২৪ ঘণ্টায় নিশ্চিত হামের রোগী শনাক্তের সংখ্যা ১২৮ জন। ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত দেশে মোট ১৩ হাজার ১৯৮ জন রোগীর শরীরে হাম শনাক্ত হয়েছে।
১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৯২ হাজার ৩১ জন রোগী। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৮৮ হাজার ৪১৯ জন রোগী।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, হামের উপসর্গে যে দুই শিশু মারা গেছে, তাদের একজন ঢাকা বিভাগের। আরেকজন সিলেট বিভাগের।
প্রসঙ্গত, গত ১৫ মার্চ থেকে সারা দেশে হামের প্রাদুর্ভাব শুরু হয়। এরপর দিন দিন হামের উপসর্গে মৃ্ত্যুর সংখ্যা বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে।
এনএইচ/