০৪ জুলাই, ২০২৬ ০৪:০৫ পিএম
সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে

সরকারি হাসপাতালে ১৭ আগস্টের মধ্যে পরিচ্ছন্নতা ও বায়োমেট্রিক হাজিরা নিশ্চিতের নির্দেশ

সরকারি হাসপাতালে ১৭ আগস্টের মধ্যে পরিচ্ছন্নতা ও বায়োমেট্রিক হাজিরা নিশ্চিতের নির্দেশ
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: আগামী ১৭ আগস্ট বর্তমান সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে দেশের সব সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার, নিয়মিত তদারকি এবং বায়োমেট্রিক হাজিরা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

আজ শনিবার (৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। 

অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়েছে, আগামী ১৭ আগস্টের মধ্যে দেশের সকল সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে বায়োমেট্রিক হাজিরা ব্যবস্থা সচল করে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে হবে। এ নির্দেশনা বাস্তবায়নে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানকে দায়ী করা হবে।

এতে আরও বলা হয়েছে, প্রতিটি হাসপাতালের প্রধানকে নিজ নিজ প্রতিষ্ঠান সার্বক্ষণিক পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার দায়িত্ব পালন করতে হবে। পাশাপাশি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অধীনস্থ হাসপাতালগুলোর পরিচ্ছন্নতা কার্যক্রম নিয়মিত মনিটর করবেন।

নির্দেশনা অনুযায়ী, মেডিকেল কলেজ হাসপাতাল ও বিশেষায়িত হাসপাতালের পরিচালকরা প্রতি শনিবার হাসপাতালজুড়ে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করবেন। এছাড়া বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) নির্ধারিত তালিকা অনুযায়ী জেলা সদর হাসপাতাল পরিদর্শন করবেন এবং পরিদর্শন শেষে সচিত্র প্রতিবেদন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠাবেন।

একইভাবে, প্রতিটি জেলার সিভিল সার্জনকে মাসের প্রতি শনিবার নির্ধারিত তালিকা অনুযায়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন ও পরিদর্শন শেষে সচিত্র প্রতিবেদন সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে আদেশটিতে।

অফিস আদেশ দেখতে ক্লিক করুন

এমআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত