পার্কভিউ মেডিকেল কলেজে শিক্ষার্থীদের বিনামূল্যে বোনস বিতরণ
মেডিভয়েস রিপোর্ট: পার্কভিউ মেডিকেল কলেজ (পিএমসি), সিলেটের প্রথম বর্ষের শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে সহায়তা এবং বোনস ব্যবসার অনৈতিক চক্র প্রতিরোধে গঠিত বোনস ব্যাংক পিএমসি’র উদ্যোগে বিনামূল্যে বোনস বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ সময় পিএমসি-১৩ ব্যাচের ৩০ জন শিক্ষার্থীর হাতে বিনামূল্যে বোনস সেট বিতরণ করা হয়।
সংগঠনের নেতারা বলেন, ‘প্রথম বর্ষের মেডিকেল শিক্ষার্থীদের এনাটমি শিক্ষার জন্য প্রয়োজনীয় মানব অস্থি সংগ্রহে নানা জটিলতা ও অনৈতিক বাণিজ্যের কারণে শিক্ষার্থীরা প্রায়ই সমস্যার সম্মুখীন হন। এসব সমস্যা নিরসন এবং শিক্ষার্থীদের মধ্যে বৈধ ও নৈতিক উপায়ে অস্থি বিনিময়ের সংস্কৃতি গড়ে তুলতেই বোনস ব্যাংক পিএমসি কাজ করে যাচ্ছে। এ ক্ষেত্রে আসল মানব কঙ্কালের পাশাপাশি আর্টিফিশিয়াল বোনস এক অনন্য সহযোজন। বাংলাদেশে আর্টিফিশিয়াল বোনস এখনো পুরোপুরি চালু না হওয়া সত্ত্বেও আমাদের এমন কাজ সবার প্রশংসা কুড়িয়েছে।’
নেতারা আরও বলেন, মেডিকেল শিক্ষার্থীদের প্রয়োজনীয় শিক্ষা উপকরণ সহজলভ্য করা, অস্থি ব্যবসার অনৈতিক চক্র নিরুৎসাহিত করা এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একটি নৈতিক ও মানবিক প্ল্যাটফর্ম গড়ে তোলাই সংগঠনটির মূল লক্ষ্য। ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
কর্মসূচির আওতায় প্রয়োজনীয় শিক্ষাসামগ্রী হিসেবে মানব অস্থি শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়। এতে উপস্থিত অতিথিরা সংগঠনটির এ উদ্যোগকে সময়োপযোগী ও শিক্ষাবান্ধব আখ্যায়িত করেন এবং ভবিষ্যতে এর কার্যক্রম আরও বিস্তৃত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
জেএইচ/