হাম উপসর্গে ২৪ ঘন্টায় আরও এক শিশুর মৃত্যু
মেডিভয়েস রিপোর্ট: সারাদেশে হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময়ে হামের নিশ্চিত সংক্রমণে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
আজ বুধবার (১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হাম সংক্রান্ত পরিস্থিতি নিয়ে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এই হিসাব গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১৬৭ জনের। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত রোগীর সংখ্যা ১২ হাজার ১৩২ জন।
চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৩ জনে। অন্যদিকে সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬২৬ জনে। এ নিয়ে হাম ও উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা ৭১৯ জন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, সবশেষ ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ৯৫১ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা ৮৫ হাজার ৫০৯।
বিভাগভিত্তিক তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৪০৭ জন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে। এরপর চট্টগ্রামে ২০০, বরিশালে ১২২ ও সিলেটে ৬৯ জন।
এমআর/