২১ জুন, ২০২৬ ১০:০৮ পিএম

দুই কোটি ৩৫ লাখ শিশু পাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল, ক্যাম্পেইন শুরু ২৮ জুন

দুই কোটি ৩৫ লাখ শিশু পাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল, ক্যাম্পেইন শুরু ২৮ জুন
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: প্রায় ১৪ মাস পর দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন শুরু হতে চলেছে। আগামী ২৮ জুন ৬ মাস থেকে ৫৯ মাস বয়সি দুই কোটি ৩৫ লাখের বেশি শিশুদের এবার এই ক্যাপসুল খাওয়ানো হবে।

জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের পরিচালক চিকিৎসক মোহাম্মদ ইউনূস আলী জানিয়েছেন, ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইনের উদ্বোধন করবেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। রাজধানীর শ্যামলীর বাংলাদেশ শিশু হাসপাতাল এবং ইনস্টিটিউটে এই ক্যাম্পেইন উদ্বোধন করবেন তিনি।

তিনি আরও বলেন, শিশুদের মধ্যে ছয় থেকে ১১ মাস বয়সি ২৮ লাখ ৩৮ হাজারের বেশি শিশুকে নীল রঙের ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সি দুই কোটি পাঁচ লাখের শিশুদের লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।

গত ১১ জুন নীল রঙের ক্যাপসুলের প্রথম চালান ৪০ লাখ পিস দেশে এসেছে বলে জানিয়েছেন তিনি। পরে গত ১৯ জুন দুই কোটি ২০ লাখ লাল রঙের ক্যাপসুল এসেছে।

পুষ্টি প্রতিষ্ঠানের কার্মকর্তারা জানিয়েছেন, নিয়ম অনুসারে বছরে দুই বার ভিটামিন এ ক্যাপসুলের ক্যাম্পেইন হওয়ার কথা থাকলেও ক্যাপসুল সংকটে গত বছরের মার্চ মাসের পর থেকে তা আর হয়নি। দীর্ঘ ১৪ মাস পর এ ক্যাম্পেইন শুরু হচ্ছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, ভিটামিন ‘এ’-এর অভাবে দৃষ্টিশক্তির সমস্যা, রাতকানা এবং গুরুতর ক্ষেত্রে অন্ধত্ব দেখা দেয়। সেটি থেকে রক্ষা করতে এই ক্যাপসুল খাওয়ানো হয়।

জেএইচ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।