রুটিনসহ ডিডিওর দায়িত্ব পেলেন সোহরাওয়ার্দীর উপপরিচালক ডা. নন্দদুলাল
মেডিভয়েস রিপোর্ট: নিয়মিত পরিচালক পদায়ন না হওয়া পর্যন্ত রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালকের দায়িত্ব পেয়েছেন উপ-পরিচালক ডা. নন্দদুলাল সাহা।
রোববার (১৪ মে) স্বাস্থ্য সেবা বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য সেবা বিভাগের পার-২ শাখার উপসচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ‘নিয়মিত পরিচালক পদায়ন না হওয়া পর্যন্ত প্রশাসনিক ও অন্যান্য কার্যক্রম পরিচালনার প্রয়োজনে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. নন্দদুলাল সাহাকে নির্দেশক্রমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের রুটিন দায়িত্ব প্রদানসহ আয়ন-ব্যয়ন কর্মকর্তার (ডিডিও) দায়িত্ব প্রদান করা হলো।’
জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলে জানানো হয় এতে।
প্রসঙ্গত, হাসপাতালটির আগের পরিচালক ডা. মো. মামুনুর রশীদ গত ২০ মে নিয়োগ পাওয়ার পর কর্মস্থলে যোগ দিতে এলে পতিত স্বৈরাচার সরকারের দোসর আখ্যা দিয়ে বাধা প্রধান করে ছাত্রদল নেতারা। পরে ২১ মে তিনি কর্মস্থলে যোগদান করেন। এরপর ৩ জুন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) এবং তাদের সমর্থিত মেডিকেল টেকনোলজিস্ট, নার্স ও ছাত্রদল নেতাদের তোপের মুখে পড়েন এবং বিক্ষোভের কারণে কার্যালয় ছাড়তে বাধ্য হন। পরে ৭ জুন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে স্বাস্থ্য সেবা অধিদপ্তরে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়।
এমআর/