১৩ জুন, ২০২৬ ০৯:৪০ পিএম

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্তে এনএইচএ’র উদ্বেগ

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্তে এনএইচএ’র উদ্বেগ
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: বেসরকারি হাসপাতাল আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলে স্বাস্থ্য অধিদপ্তরের সাম্প্রতিক সিদ্ধান্তের বিরুদ্ধে গভীর উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছে ন্যাশনাল হেলথ এলায়েন্স (এনএইচএ)।

আজ শনিবার ( ১৩ জুন) সংগঠনটির আহ্বায়ক অধ্যাপক শাদরুল আলম ও সদস্য সচিব ডা. মো. আব্দুল আহাদের এক যৌথ বিবৃতিতে এ উদ্বেগ জানান তারা।  

এনএইচএ’র সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. সাব্বির সাকি স্বাক্ষরিত প্রতিবাদ লিপিতে নেতৃবৃন্দ বলেন, ‘আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে, দীর্ঘদিন ধরে স্বল্প ব্যয়ে চিকিৎসাসেবা প্রদানকারী আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে গৃহীত লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেটা দেশের সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা প্রাপ্তির ওপর নেতিবাচক প্রভাব ফেলবে।’

এতে বলা হয়, ‘প্রকাশিত তথ্য অনুযায়ী আদ্-দ্বীন হাসপাতাল দীর্ঘদিন ধরে সাধারণ ও নিম্নআয়ের মানুষের জন্য সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিত করে আসছে। হাসপাতালটিতে মাত্র চার হাজার ৫০০ টাকায় নরমাল ডেলিভারি, স্বল্প ব্যয়ে সিজারিয়ান অপারেশন ও অন্যান্য অপারেশন, কম খরচে ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ), কার্ডিয়াক কেয়ার ইউনিটে (সিসিইউ), ডায়ালাইসিস ও এনআইসিইউ সেবা প্রদান করা হয়ে থাকে। বহির্বিভাগে মাত্র ২২০ টাকায় বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ গ্রহণের সুযোগও রয়েছে।‘

হাসপাতালটির প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী— ২০০০ থেকে ২০২৫ সাল পর্যন্ত এক কোটি ৫৭ লক্ষেরও বেশি রোগী সেবা গ্রহণ করেছেন। ২০ লক্ষের বেশি গর্ভবতী মা মাতৃস্বাস্থ্যসেবা পেয়েছেন। ৯৫ হাজারেরও বেশি নরমাল ডেলিভারি সম্পন্ন হয়েছে। দুই লক্ষ আট হাজারেরও বেশি সিজারিয়ান অপারেশন সম্পন্ন হয়েছে। ১০ লক্ষেরও বেশি মা ও শিশুকে টিকা প্রদান করা হয়েছে। প্রতিদিন গড়ে প্রায় দুই হাজার বহির্বিভাগের রোগী এবং ১৫০ জন ভর্তি রোগী সেবা গ্রহণ করেন। ১০১ শয্যার  নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রসহ (এনআইসিইউ) উন্নত নবজাতক সেবা পরিচালিত হচ্ছে। এছাড়া হাসপাতালটি দীর্ঘদিন ধরে নারীবান্ধব স্বাস্থ্যসেবা, অসহায় শিশুদের চিকিৎসা, স্বল্পমূল্যে ডায়ালাইসিস এবং চিকিৎসা শিক্ষার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে।

নেতৃবৃন্দ আরও বলেন, এই প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ করে দেওয়ার ফলে লাখো সাধারণ মানুষ, বিশেষ করে নিম্নবিত্ত গর্ভবতী মা, নবজাতক ও জরুরি চিকিৎসা প্রত্যাশী রোগীরা ক্ষতিগ্রস্ত হবেন। সেই সাথে তারা উল্লেখ করেন, যেসব গাফিলতির কারণে ছয় শিশু মারা গেছে তার প্রকৃত কারণ উদঘাটন করে দোষীদের উপযুক্ত শাস্তির আওতায় আনতে এবং মৃতের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণসহ যাবতীয় প্রয়োজন পূরণের জন্য আদ্-দ্বীন কর্তৃপক্ষ যাতে প্রয়োজনীয় ব্যবস্থা করেন।

নেতৃবৃন্দ বলেন, ‘ঘটনার তদন্তের স্বার্থে যখন সাংবাদিকরা সেখানে যায় তখন তাদের সাথেও খারাপ আচরণ করা হয়। এই ঘটনায় আমরা নিন্দা জানাচ্ছি। পাশাপাশি আদ-দ্বীন কর্তৃপক্ষ যাতে এই ঘটনায় নি:শর্ত ক্ষমা প্রার্থনা করেন সেই আহ্বান জানাচ্ছি।’

সরকারকে সিদ্ধান্ত পূনর্বিবেচনার আহ্বান জানিয়ে নেতৃবৃন্দ বলেন, জনগণের স্বাস্থ্যসেবার অধিকার যাতে ক্ষুণ্ন না হয় এবং আদ্-দ্বীনে কর্মরত সকল চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীর জীবিকা যাতে অনিশ্চিয়তার মধ্যে না পড়ে সেদিকেও সজাগ দৃষ্টি রাখতে হবে।

এমআর/এমআই

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত