স্বাস্থ্য সুরক্ষায় আইন প্রণয়নের উদ্যোগ সরকারের
মেডিভয়েস রিপোর্ট: দেশে চিকিৎসকদের স্বাস্থ্য সুরক্ষায় আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। সাত সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এই কমিটিকে আগামী ২০ দিনের মধ্যে আইনের খসড়া প্রস্তুত করার নির্দেশ দেওয়া হয়েছে।
কমিটির প্রধান করা হয়েছে, স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব (হাসপাতাল) এ এন এম মঈনুল ইসলামকে।
বৃহস্পতিবার (১১ জুন) স্বাস্থ্য সেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।
উপসচিব কাজী শরীফ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়েছে, গত ৮ জুন স্বাস্থ্য সচিব মো. কামরুজ্জামান চৌধুরী, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. নাজমুল হোসেনে সঙ্গে ইন্টার্ন চিকিৎসক ও পোস্ট গ্রাজুয়েট চিকিৎসকদের প্রতিনিধিদলের সাথে মতবিনিময় সভার আলোকে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
কমিটির সভাপতি হিসেবে স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব (হাসপাতাল) এ এন এম মঈনুল ইসলাম ও সদস্যসচিব হিসেবে রাখা হয়েছে উপসচিব (সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১) কাজী শরীফ উদ্দিন আহমেদকে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন— যুগ্মসচিব (সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা) ড. মুহাম্মদ মুস্তাফিজুর রহমান, যুগ্মসচিব (বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা) মো. মহসীন, যুগ্মসচিব (আইন) খন্দকার ইসতিয়াক আহমেদ, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান। এ ছাড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ উপসচিব বা তদুর্ধ্ব পদমর্যাদার একজন প্রতিনিধি এই কমিটিতে থাকবেন।
প্রজ্ঞাপনে কমিটির কর্মপরিধি সম্পর্কে বলা হয়েছে, এই কমিটি স্বাস্থ্য সুরক্ষা আইনের খসড়া প্রণয়ন করবে। আগামী ২০ কর্মদিবসের মধ্যে আইনটির খসড়া দাখিল করতে হবে। এ ক্ষেত্রে কমিটি প্রয়োজনে সদস্য কো-অপ্ট করতে পারবে এবং প্রয়োজনে বিভিন্ন সংস্থা থেকে মতামত গ্রহণ করতে পারবে।
এমআই/