আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্তে এনডিএফ’র উদ্বেগ
মেডিভয়েস রিপোর্ট: আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের স্বাস্থ্য অধিদপ্তরের সাম্প্রতিক সিদ্ধান্তে ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম এবং জেনারেল সেক্রেটারি অধ্যাপক ডা. মো. মাহমুদ হোসেন গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। একই সঙ্গে এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন তারা।
আজ শুক্রবার (১২ জুন) এনডিএফ’র অফিস সম্পাদক ডা. একেএম জিয়াউল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
এতে বলা হয়, দীর্ঘ প্রায় ৩০ বছর ধরে আদ-দ্বীন হাসপাতাল দেশের দরিদ্র, নিম্ন ও মধ্যবিত্ত মানুষের জন্য স্বল্প ব্যয়ে মানসম্মত চিকিৎসাসেবা দিয়ে আসছে। মানবিক ও সেবামূলক এই প্রতিষ্ঠানটি লক্ষ লক্ষ মানুষের চিকিৎসার আশ্রয়স্থল হিসেবে পরিচিতি লাভ করেছে। এই হাসপাতালে ১৯৯৭ সাল থেকে এ পর্যন্ত ৩ লক্ষ ৩ হাজারেরও বেশি শিশু জন্মগ্রহণ করেছে। শুধুমাত্র ২০২৫ সালেই ১৩ লাখ ৮৯ হাজার ৭২৬ জন রোগী চিকিৎসাসেবা গ্রহণ করেছেন। এ ছাড়া ২০২৫ সালে ৯,১৯৭টি স্বাভাবিক (Normal) ডেলিভারি সম্পন্ন হয়েছে। একই সময়ে ২৮,৬৭৪টি সিজারিয়ান (Caesarean Section) ডেলিভারি সম্পন্ন হয়েছে।
এ প্রতিষ্ঠানে ১৩,৩৬১টি সাধারণ অস্ত্রোপচার (General Surgery) সফলভাবে পরিচালিত হয়েছে। ৯,৮৩৬ জনকে টিকাদান সেবা প্রদান করা হয়েছে।
এনডিএফ নেতৃবৃন্দ বলেন, ঘটনার প্রকৃত কারণ নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে দ্রুত উদ্ঘাটন করতে হবে। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে সংশ্লিষ্ট সমস্যার দ্রুত সমাধান নিশ্চিত করতে হবে। এ ঘটনায় কর্মকর্তা, কর্মচারী ও সংশ্লিষ্ট ব্যক্তির ভুল বা দায়িত্বে অবহেলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
নেতৃবৃন্দ আরও বলেন, আদ্-দ্বীন হাসপাতাল দীর্ঘদিন ধরে স্বল্পমূল্যে চিকিৎসাসেবা প্রদান করে গরিবের চিকিৎসাকেন্দ্র হিসেবে পরিচিত। সাম্প্রতিক সময়ে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতালটির লাইসেন্স বাতিল করেছে সরকার। সরকারের এই সিদ্ধান্তের ফলে দরিদ্র ও নিম্নআয়ের বিপুল সংখ্যক রোগীর চিকিৎসাসেবা গ্রহণে প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে, কারণ তারা দীর্ঘদিন ধরে এ প্রতিষ্ঠানের ওপর নির্ভরশীল। তাই সরকারের এই সিদ্ধান্ত মানবিক দৃষ্টিকোণ থেকে পুনর্বিবেচনা করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।
জেএইচ/