বেতন বৃদ্ধিসহ চার দফা দাবিতে ডেলটা মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের বিক্ষোভ
মেডিভয়েস রিপোর্ট: দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের ভাতা ২০ হাজার নির্ধারণ করা হলেও রাজধানীর মিরপুরের ডেলটা মেডিকেল কলেজ হাসপাতালের বিরুদ্ধে তা অমান্য করে ১৫ হাজার টাকা ভাতা দেওয়ার অভিযোগ করেছেন চিকিৎসকরা। এ ঘটনায় ভাতা বৃদ্ধিসহ চার দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন তারা।
আজ বুধবার (১০ জুন) হাসপাতালের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন ইন্টার্ন চিকিৎসকরা । মিছিল শেষে মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। এতে হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের পাশাপাশি ডেল্টা মেডিকেল কলেজের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরাও অংশ নেন। এসময় তারা হাসপাতাল প্রশাসনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন।
মানববন্ধনে ইন্টার্ন চিকিৎসকরা বলেন, ‘রোগীদের সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। কিন্তু দীর্ঘদিন ধরে আমাদের ন্যায্য দাবিগুলো অমীমাংসিত রেখে দেওয়ায় তা কাজের মান ও চিকিৎসকদের মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। দাবি আদায়ে গত ৭ জুন থেকে হাসপাতালের পরিচালনা পর্ষদ ও প্রশাসনকে অবহিত করে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করা হলেও কর্তৃপক্ষ কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। এরই প্রেক্ষিতে আজ আমরা রাজপথে নামতে বাধ্য হয়েছি।’
তারা বলেন, সরকারি পে-স্কেল ও প্রজ্ঞাপনের সাথে সামঞ্জস্য রেখে ইন্টার্নদের বর্তমান মাসিক ভাতা ১৫ হাজার টাকা থেকে বৃদ্ধি করে ২০ হাজার টাকা করতে হবে। একই সাথে যারা বর্তমানে অবৈতনিক (নন-পেইড) হিসেবে কাজ করছেন, তাদের জন্য ন্যূনতম পাঁচ হাজার টাকা মাসিক ভাতার ব্যবস্থা করতে হবে। এ ছাড়া প্রতি মাসের প্রথম ৭ কর্মদিবসের মধ্যে ইন্টার্ন চিকিৎসকদের বকেয়া ও নিয়মিত বেতন পরিশোধ নিশ্চিত করতে হবে।
ইন্টার্ন চিকিৎসকরা আরও বলেন, ‘আমাদের জন্য নির্ধারিত কক্ষে পর্যাপ্ত জায়গা, লকার ও বিশ্রামের জন্য প্রয়োজনীয় বেডের ব্যবস্থা করতে হবে। কক্ষের নিরাপত্তা, পরিচ্ছন্নতা এবং পুরুষ ইন্টার্নদের কক্ষটি দ্রুত শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) করতে হবে। একই সঙ্গে ডিউটি চলাকালীন চিকিৎসকদের ব্যক্তিগত নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে পর্যাপ্ত সরঞ্জাম এবং সিকিউরিটি গার্ডের ব্যবস্থা করতে হবে।’
তারা বলেন, এর আগেও বেতন বৃদ্ধি নিয়ে আন্দোলন হয়েছিল। তখন হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের নানা ভয়-ভীতি দেখিয়ে এবং বিভিন্ন ধরনের শাস্তি প্রদান করে জোরপূর্বক আন্দোলনকে দমিয়ে দেয়। তারা এখন পর্যন্ত সকল ইন্টার্ন চিকিৎসকের ন্যায্য বেতন ২০ হাজার টাকা না দিয়ে মাত্র ১৫ হাজার টাকা দিচ্ছে।
দাবি আদায়ে পরবর্তী কর্মসূচি সম্পর্কে তারা বলেন, ‘যদি আমাদের এই যৌক্তিক দাবি মেনে না নেওয়া হয় তাহলে সকল ইন্টার্ন চিকিৎসকরা আগামীকাল থেকে আরো কঠোর কর্মসূচির ডাক দিবে।’
ইন্টার্ন চিকিৎসকদের চার দফা দাবি হলো—বেতন কাঠামো পুনর্বিবেচনা, নিয়মিত বেতন প্রদান, কক্ষের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং নিরাপদ কর্মপরিবেশ।
এমআর/