০৪ জুন, ২০২৬ ০৩:২৬ পিএম

এফসিপিএস নীতিমালার প্রস্তাব বাতিলসহ সাত দফা দাবি ইন্টার্ন চিকিৎসকদের

এফসিপিএস নীতিমালার প্রস্তাব বাতিলসহ সাত দফা দাবি ইন্টার্ন চিকিৎসকদের
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: এফসিপিএস প্রশিক্ষণার্থীদের জন্য প্রস্তাবিত নীতিমালা বাতিল, চিকিৎসকদের নিরাপত্তা আইন প্রণয়ন এবং বেতন কাঠামোর সংস্কারসহ সাত দফা দাবি জানিয়েছে ইন্টার্ন ডাক্তার সোসাইটি (আইডিএস), ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল।

আজ বৃহস্পতিবার (৪ জুন) সংগঠনটির পক্ষ থেকে প্রকাশিত এক স্মারকলিপিতে বলা হয়, সম্প্রতি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের একটি নোটিশ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়েছে।

ওই নোটিশে এফসিপিএস কোর্সে অধ্যয়নরত চিকিৎসকদের বেতন কাঠামোয় বৈষম্য সৃষ্টির প্রস্তাব এবং প্রশিক্ষণের অংশ হিসেবে দুই বছর উপজেলা পর্যায়ে বাধ্যতামূলক পদায়নের বিষয়টি চিকিৎসক সমাজে উদ্বেগ সৃষ্টি করেছে।

স্মারকলিপিতে আইডিএসের নেতারা বলেন, এসব প্রস্তাব চিকিৎসা শিক্ষা, পেশাগত উন্নয়ন এবং প্রশিক্ষণের স্বাভাবিক পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। একই সঙ্গে চিকিৎসকদের ন্যায্য অধিকার, নিরাপত্তা ও সম্মানজনক কর্মপরিবেশ নিশ্চিত না করে এমন সিদ্ধান্ত গ্রহণ স্বাস্থ্যখাতের জন্যও দীর্ঘমেয়াদে ক্ষতিকর হতে পারে বলে তারা মনে করেন।

এতে আরও বলা হয়, গত কয়েক মাসে দেশের বিভিন্ন স্থানে চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় উদ্বেগ বাড়লেও এখনও দৃশ্যমান ও কার্যকর অগ্রগতি পরিলক্ষিত হয়নি। কর্মস্থলে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করা না গেলে স্বাস্থ্যসেবার মানও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে বলে উল্লেখ করা হয়।

স্মারকলিপিতে উত্থাপিত দাবিগুলোর মধ্যে রয়েছে- এফসিপিএস পার্ট-১ উত্তীর্ণ বেসরকারি প্রশিক্ষণার্থীদের পদায়নসংক্রান্ত কমিটির প্রস্তাব বাতিল, বিএমইউ ও বিসিপিএসের পরীক্ষার ফি কমিয়ে ৫০০ থেকে ১ হাজার টাকার মধ্যে নির্ধারণ, বিসিএসে চিকিৎসকদের বয়সসীমা পুনর্বহাল করে ৩৪ বছর করা, স্বাস্থ্যকর্মী নিরাপত্তা আইন প্রণয়ন, ইন্টার্ন চিকিৎসকদের বেতন ন্যূনতম ৩০ হাজার টাকা এবং ট্রেইনি চিকিৎসকদের বেতন ৯ম গ্রেডের সমপর্যায়ে নির্ধারণ, নতুন মেডিকেল কলেজ অনুমোদন সাময়িকভাবে স্থগিত রেখে বিদ্যমান কলেজগুলোর মানোন্নয়ন এবং বেসরকারি খাতে কর্মরত চিকিৎসকদের জন্য সুস্পষ্ট বেতন কাঠামো প্রণয়ন।

স্মারকলিপিতে স্বাক্ষর করেন (আইডিএস) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সভাপতি ডা. মোস্তফা আমীর ফয়সাল, সহ সভাপতি ডা. আব্দুল্লাহ আল মারুফ, সাধারণ সম্পাদক ডা. নাবিল বিন কাশেম এবং সহ সাধারণ সম্পাদক ডা. আশরাফ সিদ্দিকী।

এতে আরও বলা হয়, এসব দাবি ব্যক্তিগত সুবিধা অর্জনের জন্য নয়, বরং চিকিৎসা শিক্ষা, চিকিৎসকদের পেশাগত মর্যাদা এবং জনগণের স্বাস্থ্যসেবার মানোন্নয়নের স্বার্থে উত্থাপন করা হয়েছে।

এনএইচ/জেএইচ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত