০৪ জুন, ২০২৬ ০৩:৩১ পিএম

স্বীকৃত সরকারি মেডিকেল-ইনস্টিটিউটে প্রশিক্ষণরত সকল প্রশিক্ষণার্থী ভাতা পাবেন: বিসিপিএস

স্বীকৃত সরকারি মেডিকেল-ইনস্টিটিউটে প্রশিক্ষণরত সকল প্রশিক্ষণার্থী ভাতা পাবেন: বিসিপিএস
ছবি: মেডিভয়েস

মেডিভয়েস রিপোর্ট: স্বীকৃত সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল ও ইনস্টিটিউটে প্রশিক্ষণরত সকল চিকিৎসক ভাতা সুবিধার আওতাভুক্ত হবেন বলে জানিয়েছেন বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্সের  (বিসিপিএস) সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লা।

বুধবার (৩ জুন) রাতে এমন সিদ্ধান্ত হয়েছে বলে আজ বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে মেডিভয়েসকে নিশ্চিত করেছেন তিনি।

বিসিপিএস সভাপতি বলেন, স্বীকৃত সরকারি মেডিকেল কলেজ ও ইনস্টিটিউটে যেসব জায়গায় কোর্স চলমান আছে এবং বিসিপিএসের প্রশিক্ষক আছেন, সেখানে প্রশিক্ষণরত চিকিৎসকরা ভাতা পাবেন।

জানা গেছে, গতকাল বুধবার (৩ জুন) বিকেল থেকে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বিসিপিএস কর্তৃপক্ষের মিটিং হয়, যা রাত পর্যন্ত গড়ায়। সেখানে এ সিদ্ধান্ত হয়।

মিটিং অত্যন্ত সফলতার সঙ্গে সমাপ্ত হওয়ার কথা জানিয়ে অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লা বলেন, ‘মন্ত্রণালয় এ ব্যাপারে সর্বোচ্চ আন্তরিকতার পরিচয় দিয়েছে এবং আমাদের কথাগুলো অনুধাবন করেছে। এজন্য বিসিপিএস মন্ত্রণালয়ের প্রতি কৃতজ্ঞ।’

উপজেলায় প্রশিক্ষণের সিদ্ধান্ত বাদ

তিনি বলেন, ‘মিটিংয়ে উপজেলায় দুই বছর প্রশিক্ষণের বিষয়টি বাদ দেওয়া হয়েছে। সেই সঙ্গে প্রত্যাহার করা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ ও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে এই মুহূর্তে প্রশিক্ষণার্থী না নেওয়ার সিদ্ধান্তও।’

‘মিটিংয়ে আমাদের সবচেয়ে বড় অর্জন হলো, পুরনোরাও তো ভাতা পাবেনই। এর পর প্রতি সেশনে নতুন করে সর্বাধিক দুই হাজার বেসরকারি প্রার্থীর অনুমোদন করানো গেছে। যদিও কখনো বেসরকারি দুই হাজার প্রার্থী যুক্ত হয়নি, হবেও না। তবুও অনুমোদন নিয়ে রাখা হয়েছে, যাতে শিক্ষার্থীদের হয়রানি রোধসহ যে কোনো বিপত্তি এড়ানো যায়। যুগান্তকারী এই সিদ্ধান্তের ফলে আগামীতে কোনো দিন বিসিপিএসে ভাতা সংক্রান্ত জটিলতা হবে না’—বলেন তিনি।

এদিকে গত ১৯ মের নীতিমালা বাতিল করে সংশোধিত সিদ্ধান্ত প্রকাশ করেছে বিসিপিএস। আজ বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ কথা জানা গেছে। 

প্রতিষ্ঠানের সচিব (ভারপ্রাপ্ত) অধ্যাপক ডা. কোহিনুর বেগম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, কলেজের এফসিপিএস ১ম পর্ব পরীক্ষায় উত্তীর্ণ বেসরকারি প্রশিক্ষাণার্থীগণ বিসিপিএস কর্তৃক স্বীকৃত সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল ও ইনস্টিটিউট সমূহে প্রশিক্ষণ গ্রহণ করলে, প্রশিক্ষণ সম্পন্নকারী সকল প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ ভাতার আওতাভুক্ত হবেন।’

এতে আরও বলা হয়, ‘বিগত ১৯/০৫/২০২৬ খ্রি. তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা-১ শাখা কর্তৃক এফসিপিএস ১ম পর্ব উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের পদায়ন ও ভাতা প্রদান সংক্রান্ত নীতিমালা জারি করার পর সৃষ্ট উদ্ভূত পরিস্থিতিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং বিসিপিএস কর্তৃপক্ষের সফল আলোচনার ভিত্তিতে উপজেলায় প্রশিক্ষণ গ্রহণের বিষয়টি বাতিলপূর্বক স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা-১ শাখা কর্তৃক (স্মারক নং- ৫৯,০০,০০০০,১৪০.১৬.১০.২৫.৩৩৬, তারিখ: ১৯-০৫-২০২৬ খ্রি.) এফসিপিএস ১ম পর্ব উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের পদায়ন ও ভাতা প্রদান সংক্রান্ত সংশোধিত নীতিমালা (সংযুক্ত) জারি করা হয়েছে।’

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত