বোন ম্যারো প্রতিস্থাপন ও সেল থেরাপি বিষয়ক খসড়া নীতিমালা প্রণয়নে কমিটি গঠন
মেডিভয়েস রিপোর্ট: বোন ম্যারো প্রতিস্থাপন ও সেল থেরাপি বিষয়ক খসড়া নীতিমালা প্রণয়নে কমিটি গঠন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। মঙ্গলবার (২ জুন) স্বাস্থ্য সেবা বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব কাজী শরীফ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়েছে, ‘স্বাস্থ্য অধিদপ্তরের স্মারকের পরিপ্রেক্ষিতে বোনম্যারো ট্রান্সপ্লান্ট ও সেল থেরাপি বিষয়ক খসড়া নীতিমালা প্রণয়নের জন্য নিম্নোক্তভাবে একটি কমিটি গঠন করা হলো।’
তিন সদস্য বিশিষ্ট কমিটিতে সভাপতি করা হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) হেমাটোলজি বিভাগের বিভাগীয় প্রধানকে। সদস্য সচিব হয়েছেন ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) হেমাটোলজি ও বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট (বিএমটি) বিভাগের বিভাগীয় প্রধান। এ ছাড়া ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন এন্ড রেফারেল সেন্টারের হেমাটোলজি বিভাগের বিভাগীয় প্রধানকে সদস্য করা হয়েছে কমিটিতে।
কমিটির কার্যপরিধি সম্পর্কে অফিস আদেশে বলা হয়, ‘কমিটি আগামী দুই মাসের মধ্যে খসড়া নীতিমালা প্রণয়ন করবে, অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন আইন ২০২৬ এর আলোকে প্রণীতব্য বিধিমালায় কোন কোন বিষয়সমূহ অন্তর্ভুক্ত করা প্রয়োজন- এ সংক্রান্ত সুপারিশ প্রদান করবে এবং কমিটি প্রয়োজনে সদস্য কো-অপ্ট করতে পারবে। ’
এমআর/