স্বাস্থ্যব্যবস্থা শুধু চিকিৎসকের ওপর নির্ভরশীল নয়: ডা. কাজী তাসকিয়া
মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্য অর্থনীতিবিদ ও গাইনোকোলজিস্ট ডা. কাজী তাসকিয়া বলেছেন, একটি কার্যকর স্বাস্থ্যব্যবস্থা শুধু চিকিৎসকের ওপর নির্ভর করে না, এর সঙ্গে অবকাঠামো, যন্ত্রপাতি, ব্যবস্থাপনা, অর্থনীতি ও সামাজিক ব্যবস্থাও জড়িত।
বৃহস্পতিবার (২১ মে) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) আয়োজিত ‘জাতীয় স্বাস্থ্য বাজেট-২০২৬’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এ কথা বলেন ডা. কাজী তাসকিয়া।
তিনি আরও বলেন, সাধারণ মানুষ মনে করেন ডাক্তারই সব সমস্যার সমাধান করবেন, কিন্তু বাস্তবে হাসপাতালের পরিবেশ, প্রয়োজনীয় সরঞ্জাম ও দক্ষ ব্যবস্থাপনা ছাড়া মানসম্মত চিকিৎসাসেবা দেওয়া সম্ভব নয়।
ডা. কাজী তাসকিয়া তার নিজের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, অনেক সময় অপারেশন থিয়েটারে (ওটি) প্রয়োজনীয় যন্ত্রপাতি, বিদ্যুৎ বা জীবাণুমুক্ত সরঞ্জামের ঘাটতি থাকে। এসব সীমাবদ্ধতার মধ্যে একজন চিকিৎসকের পক্ষে সর্বোচ্চ সেবা নিশ্চিত করা কঠিন হয়ে পড়ে। তাই গোড়া থেকে স্বাস্থ্যব্যবস্থার সংস্কার জরুরি বলে মনে করেন তিনি।
তিনি আরও বলেন, বর্তমানে অনেক রোগী সরাসরি বড় হাসপাতালগুলোতে চলে আসেন। যদিও তাদের চিকিৎসা জেলা বা উপজেলা পর্যায়েই সম্ভব। এতে বড় হাসপাতালগুলোতে অতিরিক্ত রোগীর চাপ তৈরি হয়। এজন্য শক্তিশালী রেফারেল ব্যবস্থা গড়ে তোলা এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা ও প্রতিরোধমূলক চিকিৎসাকে আরও কার্যকর করার ওপর গুরুত্ব দেন তিনি।
শুধু স্বাস্থ্য মন্ত্রণালয় একা স্বাস্থ্যব্যবস্থা উন্নত করতে পারবে না বলে ডা. তাসকিয়া বলেন, এই খাতকে এগিয়ে নিতে খাদ্য, শিক্ষা, স্থানীয় সরকারসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। একই সঙ্গে স্বাস্থ্যখাতে দক্ষ বাজেট পরিকল্পনা, প্রশিক্ষণ এবং সমন্বিত ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন এই স্বাস্থ্য অর্থনীতিবিদ।
গোলটেবিল বৈঠকে এনডিএফের সেক্রেটারি অধ্যাপক ডা. মাহমুদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনডিএফ সভাপতি অধ্যাপক ডা. নজরুল ইসলাম। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে যশোর-২ আসনের সংসদ সদস্য ডা. মোসলেউদ্দীন ফরিদ, সংসদ সদস্য মারজিয়া বেগম। অনুষ্ঠানের মূল বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশ ইকোনমিক ফোরামের সেক্রেটারি, অর্থনীতিবিদ ও গবেষক ডা. মিজানুর রহমান।
এ ছাড়াও উপস্থিত ছিলেন এনডিএফ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) শাখার সভাপতি, অধ্যাপক ডা. আতিয়ার রহমান, বিএমইউ এনডিএফের সেক্রেটারি ডা. শাহাদাত হোসেন, এনডিএফ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ডা. এম জি ফারুক হোসেন, এনডিএফ ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ডা. মারুফ শাহরিয়ার, এনডিএফ ঢাকা মহানগর উত্তরে সেক্রেটারি ডা. আব্দুল্লাহ আল মাহমুদ, এনডিএফ ঢাকা মহানগর উত্তরের সহ-সাংগঠনিক সম্পাদক ডা. হাসানুল বান্না, ডা. রুহুল কুদ্দুস বিপ্লব এবং ডা. নাজমুল আরেফিনসহ এনডিএফের বিভিন্ন পর্যায়ের চিকিৎসক নেতৃবৃন্দ ও স্বাস্থ্যখাত সংশ্লিষ্ট বিশিষ্ট ব্যক্তিবর্গ।
গোলটেবিল বৈঠকে দেশের বিভিন্ন পর্যায়ের শতাধিক বিশিষ্ট চিকিৎসক, স্বাস্থ্য বিশেষজ্ঞ, গবেষক এবং জাতীয় ও আন্তর্জাতিক প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
জেএইচ/