এখন টিভির চার সাংবাদিককে চাকরিচ্যুতির প্রতিবাদে অবরোধ-মানববন্ধন
মেডিভয়েস রিপোর্ট: এখন টিভির চার সাংবাদিককে বাধ্যতামূলক ছুটি এবং পরবর্তীতে চাকরিচ্যুত করার ঘটনায় টেলিভিশনটির সামনে দ্বিতীয় দিনের মতো মানববন্ধন ও অবরোধ কর্মসূচি পালন করেছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। আজ শনিবার (১৬ মে) দুপুর ১২টায় এই অবরোধ কর্মসূচি শুরু হয়।
ডিইউজের পাশাপাশি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ), জুলাই রেভ্যুলেশনারি অ্যালায়েন্স, মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতি, ঢাকা কলেজ সাংবাদিক সমিতি এবং নগর উন্নয়ন সাংবাদিক ফোরামসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে সংহতি জানাতে অংশ নেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব এসএমএস সাইফ মোস্তাফিজ, গাজী সালাহউদ্দিন তানভীর এবং মিডিয়া সেল সদস্য ইয়াসির আরাফাত। প্রায় তিন ঘণ্টাব্যাপী এই অবস্থান কর্মসূচি পরিচালনা করেন সাংবাদিক নেতা খন্দকার আলমগীর হোসেন ও গাজী আনোয়ার।
এ সময় বক্তারা বলেন, যে পরিবর্তনের জন্য রাজপথে রক্ত ঝরেছে, সেখানে মুক্ত গণমাধ্যম ও সাংবাদিকদের অধিকার কেড়ে নেওয়া কোনোভাবেই কাম্য নয়। অভ্যুত্থানের পক্ষের কলম সৈনিকদের এভাবে শাস্তি দেওয়া হলে তা নতুন বাংলাদেশের লক্ষ্যকে ব্যাহত করবে।
ডিইউজের সাধারণ সম্পাদক খোরশেদ আলম জানান, এখন টিভি কর্তৃপক্ষ ও সিটি গ্রুপের সঙ্গে একাধিকবার বৈঠক এবং স্মারকলিপি দেওয়ার পরও কোনো ইতিবাচক সাড়া না পাওয়ায় তারা এ কর্মসূচি দিতে বাধ্য হয়েছেন। তিনি সতর্ক করে বলেন, দ্রুত চার সাংবাদিককে কাজে ফিরিয়ে না নিলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
তিনি আরও বলেন, আজকে রাতে আমাদের সঙ্গে চার সাংবাদিকের বিষয়ে আলোচনায় বসতে চান মালিকপক্ষ সিটি গ্রুপ। এ সময় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আলোচনা ফলপ্রসূ না হলে আবারও রাজপথে দেখা হবে।
এমআর/এমইউ