১৫ মে, ২০২৬ ০৩:৪৭ পিএম

এলএসবি ও ডাকসুর উদ্যোগে উচ্চ রক্তচাপ বিষয়ক সচেতনতা বৃদ্ধিতে দৌড় প্রতিযোগিতা

এলএসবি ও ডাকসুর উদ্যোগে উচ্চ রক্তচাপ বিষয়ক সচেতনতা বৃদ্ধিতে দৌড় প্রতিযোগিতা
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: লিপিড সোসাইটি অব বাংলাদেশ (এলএসবি) ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে 'ওলমেডিপ হাইপারটেনশন অ্যাওয়ারনেস রান (এইচএআর)।’

আজ ​শুক্রবার (১৫ মে) ভোর সাড়ে পাঁচটায় ঢাবির কেন্দ্রীয় খেলার মাঠ থেকে শুরু হয় এই দৌড় প্রতিযোগিতা। এতে পাঁচ কিলোমিটার এবং দুই কিলোমিটার ক্যাটাগরিতে চিকিৎসক, মেডিকেল শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার ৪০০ এর অধিক প্রতিযোগী অংশগ্রহণ করেন।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সাবেক ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া, দেশবরেণ্য ভাস্কুলার সার্জন অধ্যাপক ড. সাকলায়েন রাসেল, লিপিড সোসাইটি অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. মো. মোখলেছুর রহমান এবং আয়োজক কমিটির অন্যান্য সদস্যরা অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন।

​আয়োজকরা জানান, বাংলাদেশে দিন দিন উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশনের ঝুঁকি বাড়ছে। সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং একটি সুস্থ জীবনধারায় উৎসাহিত করতেই এই আয়োজন। আগামীতেও সমাজের কল্যাণে এবং জনস্বাস্থ্য সচেতনতায় এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তারা। 

দৌড় শেষে বিজয়ীদের মাঝে মেডেল ও ই-সার্টিফিকেট প্রদান করা হয়। এ ছাড়া লটারির মাধ্যমে ২০ জন বিজয়ীকে বিশেষ স্বাস্থ্য সুরক্ষা উপহার প্রদান করা হয়।

​অনুষ্ঠানে সহযোগি হিসেবে কাজ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাইক্লিং ক্লাব, ডাকসু এবং বিভিন্ন স্বেচ্ছাসেবকরা।

জেএইচ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত