এমবিবিএস প্রথম বর্ষের ওরিয়েন্টেশন ৩ মে, উদ্বোধন করবেন স্বাস্থ্যমন্ত্রী
মেডিভয়েস রিপোর্ট: ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সে ভর্তিকৃত প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানের সময়সূচি আগামী ৩ মে নির্ধারণ করা হয়েছে। ওই দিন সকাল ৯টায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এ অনুষ্ঠানের উদ্বোধন করবেন।
আজ বুধবার (২৯ এপ্রিল) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকায় মন্ত্রণালয়ের সভাকক্ষ থেকে কেন্দ্রীয়ভাবে এই ওরিয়েন্টেশন প্রোগ্রামের উদ্বোধন করা হবে। এ সময় দেশের সব সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের অধ্যক্ষ এবং নবীন শিক্ষার্থীরা নিজ নিজ প্রতিষ্ঠান থেকে অনলাইনের মাধ্যমে এতে যুক্ত থাকবেন।
প্রসঙ্গত, গত বছরের ১২ ডিসেম্বর ২০২৫-২৬ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে ১৪ ডিসেম্বর ফলাফল প্রকাশ করে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।
ফলাফলের ভিত্তিতে দেশের ৩৭টি সরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে মোট পাঁচ হাজার ১০০ জন শিক্ষার্থী এবং সরকারি ডেন্টাল কলেজ ও আটটি মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটে ৫৪৫ জন শিক্ষার্থীকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়। ভর্তি কার্যক্রম শুরু হয় ৩০ ডিসেম্বর থেকে।