সংসদে হঠাৎ অসুস্থ সাতক্ষীরা-৩ আসনের এমপি রবিউল বাশার
মেডিভয়েস রিপোর্ট: জাতীয় সংসদের অধিবেশন চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা হাফেজ মুহা. রবিউল বাশার।
আজ বুধবার (২৯ এপ্রিল) দুপুর ১টার কিছু আগে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৪তম দিনের কার্যক্রম চলার সময় এ ঘটনা ঘটে। সে সময় রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনা চলছিল।
ঘটনার সময় সংসদ কক্ষে সাময়িক উৎকণ্ঠার সৃষ্টি হয়। বগুড়া-৫ আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ বক্তব্য রাখছিলেন। এ সময় স্পিকার তাকে থামিয়ে বিষয়টি সবার নজরে আনেন।
স্পিকার বলেন, ‘সংসদ সদস্য একটু অপেক্ষা করেন, আমাদের একজন সংসদ সদস্য অসুস্থ হয়ে পড়েছেন। সংসদ সদস্য হাফেজ মুহা. রবিউল বাশার কী অসুস্থ? এখানে একজন ডাক্তার রয়েছেন, আমরা পাঠাচ্ছি।’
পরে অন্য সংসদ সদস্য ও সংসদ সচিবালয়ের কর্মীদের সহায়তায় অসুস্থ রবিউল বাশারকে অধিবেশন কক্ষ থেকে সংসদের লবিতে নেওয়া হয়। সেখানে উপস্থিত চিকিৎসকেরা তাকে প্রাথমিক চিকিৎসা দেন।
তাৎক্ষণিকভাবে তার অসুস্থতার কারণ জানা যায়নি।