২৩ এপ্রিল, ২০২৬ ০২:০২ পিএম
জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী

কেবল ভিটামিন খাইয়ে সুস্থ জাতি গঠন সম্ভব নয়

কেবল ভিটামিন খাইয়ে সুস্থ জাতি গঠন সম্ভব নয়
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ছবি: সংগৃহিত ও সম্পাদিত

মেডিভয়েস রিপোর্ট: কেবল ভিটামিন খাইয়ে জাতিকে সুস্বাস্থ্যের অধিকারী করা সম্ভব নয় বলে মনে করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, বর্তমানে শিক্ষিত ও কর্মজীবী মায়েদের মধ্যে শিশুকে বুকের দুধ খাওয়ানোর প্রবণতা কমে আসছে, যা শিশুর দীর্ঘমেয়াদি স্বাস্থ্যঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। বিশেষজ্ঞ মতের বরাত দিয়ে তিনি জানান, পুষ্টির অভাবেই বাড়ছে ঝুঁকিপূর্ণ হামের প্রভাব। তবে সবার প্রচেষ্টায় এ প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।

আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট অডিটোরিয়ামে ‘জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬’ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এই কর্মসূচিকে কেবল একটি সপ্তাহের মধ্যে সীমাবদ্ধ না রাখার আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমরা ভিটামিন ‘এ’ খাওয়াচ্ছি, ‘ডি’ খাওয়াচ্ছি।’

মায়ের বুকের দুধের বিকল্প নেই জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, একটি ভিটামিন বা একটি ফাইল ওষুধ খেয়ে জীবন চলে না। এভাবে সুস্বাস্থ্যের অধিকারী করে গড়ে তোলা সম্ভব না। কিন্তু মায়ের দুধ এমন একটি প্রাকৃতিক পুষ্টি, যা শিশুর শরীরের গঠন তৈরি করে এবং এর প্রভাব দীর্ঘস্থায়ী হয়।

পুষ্টিকর্মীদের ঘরে ঘরে গিয়ে এ বিষয়ে সচেতনতা তৈরির আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘যারা ঘরে ঘরে যান, মায়েদেরকে বলা যাতে বাচ্চাদেরকে ছয় মাস থেকে এক বছর পর্যন্ত বুকের দুধ পান করান।’

‘বর্তমানে অনেক মা বুকের দুধ খাওয়াতে অভ্যস্ত না, দিন দিন কমে আসছে, যা উদ্বেগজনক। গ্রামীণ অশিক্ষিত নারীরা এখনো দুই বছর পর্যন্ত শিশুদের বুকের দুধ খাওয়ান, কিন্তু শহুরে ও শিক্ষিত মায়েদের মধ্যে এই প্রবণতা কমছে। তারা কাজের দোহাই দেন। কেন? কাজে যাওয়ার আগেও তো একটা সময় থাকে। কাজ থেকে ফিরে এসে সময় থাকে, সেই সময়টা অন্তত বাচ্চাকে বুকের দুধ দেওয়া যায়।’

তিনি বলেন, ‘একদিকে সিজারিয়ান অপারেশনে বেবি হওয়া, তার শারীরিক গঠন অত্যন্ত দুর্বল এবং মারাত্মক হুমকির মুখামুখি নিয়ে যায়। একটি বাচ্চা যখন মায়ের পেটে গড়ে ওঠে, যতক্ষণ না আল্লাহ নির্ধারিত সময়ে সে বের হবে, দুনিয়ার মুখ না দেখবে, ততক্ষণ পর্যন্ত সে মায়ের কাছ থেকে পেটে পুষ্টি নিতেই থাকে।’

সরদার সাখাওয়াত হোসেন আরও বলেন, ছয় মাস পর্যন্ত শিশুকে শুধু মায়ের দুধ এবং এরপর দুই বছর পর্যন্ত মায়ের দুধের পাশাপাশি পুষ্টিকর সম্পূরক খাবার দেওয়া উচিত।

তিনি জানান, জন্মের পরপরই শিশুকে শালদুধ (কলস্ট্রাম) খাওয়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এতে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় উপাদান থাকে।

হামের পরিস্থিতি প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আপনারা জানেন কী অবস্থা ছিল। সবার প্রচেষ্টায় আমরা হাম মোটামুটি একটা নিয়ন্ত্রণের মধ্যে আনতে সক্ষম হচ্ছি। অনেক ডাক্তারদের সাথে আলাপ হয়েছে। একটা চাইনিজ টিমের সাথেও আলাপ হয়েছে।’

ছোটবেলায় নিজের হামে আক্রান্ত হওয়ার ইতিহাস জানিয়ে তিনি বলেন, ‘তখনকার মায়েদের একটা কথা ছিল, জন্মের পরে একবার হাম হবেই। একবার জলবসন্ত হবেই। এখনকার হাম কিন্তু খুবই তীব্র। অনেক বিজ্ঞজনদের মতে, পুষ্টির অভাবেই এই ঝুঁকিপূর্ণ হামের প্রভাব বৃদ্ধি করেছে।’

এ সময় সমাজ থেকে মাদক দূর করতে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, ‘আমরা যখন নির্বাচন করি, নেশার কথা অনেকে বলেছে। আমি বক্তব্যে বলতাম যে, ভালো কথা আমরা নেশা দূর করব, কিন্তু আপনারা যারা আপনাদের সন্তানদেরকে সন্ধ্যার পরে ঘরের বাইরে রাখেন; পাখিরা সব নীড়ে ফিরে, কিন্তু আমাদের বাচ্চারা বাইরে থাকে। কী করে? আমি একদম গ্রামীণ ভাষায় বলতাম যে, আমরা যখন নির্বাচনে ভোট চাই, দেখি, সন্ধ্যার পরে ঝাড়তলায়, বিলের আইল, টংয়ের ওপরে বসে বসে মোবাইল দেখে, খারাপ খারাপ কথা শোনে, খারাপ খারাপ দৃশ্য দেখে, খারাপ খারাপ নেশা খায়। বাচ্চাদের ভালো হবে কীভাবে? আপনারাই তো খারাপ করেন—বাবা-মায়েরা। কথাটা তারা স্বীকার করে।’

‘১১ বছর বয়স হলে সন্তানের যখন একটু মোচ ওঠা শুরু করে, একদম খুশি হয়ে আপনারা ঢলঢলা হয়ে একটা মোবাইল (ফোন) কিনে দিয়ে দেন। মোবাইল দেখে দেখে ... তো বাচ্চাকে আপনি বাইন্ধা রাখবেন কতক্ষণ? তার মন তো বান্ধা যায় না। খারাপ হয়ে যায়। কাজেই কাউন্সেলিং ইজ দ্য বেস্ট থিং,’ যোগ করেন তিনি।

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত