২০ এপ্রিল, ২০২৬ ০৩:৪৪ পিএম

জেলা-উপজেলায় নবজাতক সেবা জোরদারে বিএমইউতে তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা

জেলা-উপজেলায় নবজাতক সেবা জোরদারে বিএমইউতে তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: জেলা ও উপজেলা পর্যায়ে নবজাতকের উন্নত ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) অনুষ্ঠিত হচ্ছে তিন দিনব্যাপী ‘স্মল অ্যান্ড সিক নিউবর্ন সার্ভিস ডেলিভারি প্যাকেজ’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা। শনিবার (১৮ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ই ব্লকের নিওন্যাটোলজি ট্রেনিং রুমে আয়োজিত এ কর্মশালা  চলবে সোমবার (২০ এপ্রিল) পর্যন্ত।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমইউর ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। তিনি বলেন, এ ধরনের প্রশিক্ষণ দেশের নবজাতক স্বাস্থ্যসেবার মানোন্নয়নে মাইলফলক হিসেবে কাজ করবে। পাশাপাশি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন, বিশেষ করে মাতৃ ও নবজাতকের মৃত্যুহার কমাতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

নিওন্যাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আব্দুল মান্নান জানান, এই প্রশিক্ষণের মাধ্যমে একটি শক্তিশালী প্রশিক্ষক নেটওয়ার্ক গড়ে তোলা হবে। এর ফলে জেলা ও উপজেলা পর্যায়ে মানসম্মত নবজাতক সেবা সম্প্রসারণ সহজ হবে। বিকেন্দ্রীকৃত প্রশিক্ষণ ব্যবস্থার কারণে ব্যয় কমবে, চিকিৎসকদের কর্মস্থলে অনুপস্থিতি কমবে এবং স্থানীয় পর্যায়ে দক্ষতা বাড়বে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিশু অনুষদের ডীন অধ্যাপক ডা. মো. আতিয়ার রহমান এবং স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (পিএইচসি) ডা. সৈয়দ কামরুল ইসলামসহ বিভিন্ন মেডিক্যাল কলেজ ও প্রতিষ্ঠানের নবজাতক ও শিশু বিশেষজ্ঞরা। মোট ২৫ জন শিক্ষক ও চিকিৎসক এ কর্মশালায় অংশ নিচ্ছেন।

১৮ এপ্রিল শুরু হওয়া এই কর্মশালাটি সোমবার (২০ এপ্রিল) শেষ হওয়ার কথা রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের নবজাতক স্বাস্থ্য কর্মসূচির আওতায় এবং জেপাইগো বাংলাদেশের কারিগরি সহায়তায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

কর্মশালার মূল লক্ষ্য হলো দক্ষ মাস্টার ট্রেইনার তৈরি করা, যারা পরবর্তীতে দেশের বিভিন্ন পর্যায়ে স্বাস্থ্যসেবা প্রদানকারীদের প্রশিক্ষণ দেবেন। এর মাধ্যমে ছোট ও অসুস্থ নবজাতকের জরুরি সেবা, সঠিক চিকিৎসা ব্যবস্থাপনা, সংক্রমণ প্রতিরোধ এবং রেফারেল ব্যবস্থার উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হবে।

বিশেষজ্ঞরা মনে করছেন, দেশে নবজাতক মৃত্যুহার কমাতে এ ধরনের প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অংশগ্রহণকারীরা প্রশিক্ষণে নবজাতকের ঝুঁকি শনাক্তকরণ, জরুরি ব্যবস্থাপনা, ইনপেশেন্ট কেয়ার, সংক্রমণ নিয়ন্ত্রণ এবং ব্যবহারিক অনুশীলনের মাধ্যমে দক্ষতা অর্জন করছেন।

টিআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত