সাতক্ষীরা মেডিকেলে বহিরাগতদের বিশৃঙ্খলা তৈরির অভিযোগ, ব্যবস্থা নেওয়ার দাবি আইডিএ’র
মেডিভয়েস রিপোর্ট: সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ‘রনি’ নামের এক ব্যক্তি ও তার সহযোগীদের বিরুদ্ধে চিকিৎসকদের সঙ্গে অসদাচরণ, মারধর ও চাঁদাবাজির অভিযোগ করেছেন ইন্টার্ন চিকিৎসকরা। এ অবস্থায় হাসপাতালের স্বাভাবিক চিকিৎসা কার্যক্রম ও সেবার পরিবেশ বিঘ্নিত হওয়ার অভিযোগ এনে, এ বিষয়ে উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন তারা।
মঙ্গলবার (১৪ এপ্রিল) হাসপাতালের ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের (আইডিএ) সভাপতি মো. সিরাজুম মুনীর, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন এবং প্রচার সম্পাদক সৌরভ সরকার স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়।
তারা বলেন, রনি নামে পরিচিত ওই ব্যক্তি ও তার সহযোগীদের বিরুদ্ধে চিকিৎসকদের সঙ্গে অসদাচরণ ও হাসপাতালের স্বাভাবিক কার্যক্রমে বিঘ্ন ঘটানোর একাধিক অভিযোগ রয়েছে। এ ধরনের পরিস্থিতি রোগীসেবার মান ও নিরাপত্তায় হুমকি তৈরি করছে।
আইডিএ নেতারা মনে করেন, একটি হাসপাতাল হওয়া উচিত নিরাপদ ও সেবামুখী পরিবেশের প্রতীক। সেখানে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর দ্বারা প্রভাব বিস্তার, বিশৃঙ্খলা সৃষ্টি বা চাপে রাখার চেষ্টা কখনোই গ্রহণযোগ্য নয়। এমন পরিস্থিতি অব্যাহত থাকলে চিকিৎসকদের পেশাগত কাজ ব্যাহত হওয়ার পাশাপাশি রোগীরাও ক্ষতিগ্রস্ত হতে পারেন।
তারা বলেন, অভিযুক্ত ব্যক্তি নিজেকে বিভিন্ন রাজনৈতিক দলের সমন্বয়ক পরিচয় দিয়ে হাসপাতাল প্রাঙ্গণে প্রভাব বিস্তারের চেষ্টা করেছেন। তবে সংশ্লিষ্ট রাজনৈতিক দলের পক্ষ থেকেই নিশ্চিত করা হয়েছে, রনি নামের ওই ব্যক্তির সঙ্গে তাদের কোনো সাংগঠনিক সম্পর্ক নেই।
বিবৃতিতে বলা হয়, একটি চিকিৎসা প্রতিষ্ঠান রোগীর সেবা ও মানবিকতার জায়গা। সেখানে এ ধরনের সন্ত্রাসী আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। চিকিৎসকদের ওপর হামলা শুধু একটি পেশার ওপর আঘাত নয়, এটি সরাসরি রোগী সেবা ও জনস্বাস্থ্যের ওপর প্রভাব ফেলে।
এ পরিস্থিতিতে ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন প্রশাসনের কাছে তিন দফা দাবি জানিয়েছে। দাবিগুলো হলো—
১. অভিযুক্ত রনি ও তার সহযোগীদের অবিলম্বে হাসপাতাল প্রাঙ্গণ থেকে স্থায়ীভাবে বহিষ্কার,
২. ভবিষ্যতে তাদের দ্বারা কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে তাৎক্ষণিক ও কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ ও
৩. চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিতে হাসপাতাল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ নেওয়া।
হাসপাতালের সেবামূলক পরিবেশ রক্ষা করা সকলের দায়িত্ব উল্লেখ করে চিকিৎসকদের পক্ষ থেকে আরও বলা হয়, যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের দ্রুত ও দৃশ্যমান পদক্ষেপ জরুরি।
ইন্টার্ন চিকিৎসকরা সতর্ক করে বলেন, চিকিৎসকদের ওপর হামলা, ভয়ভীতি প্রদর্শন বা চাঁদাবাজির ঘটনা আর সহ্য করা হবে না। হাসপাতালের সেবামূলক পরিবেশ নষ্টের যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে তারা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবেন।
বিবৃতিতে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানানো হয়।
এমআই/