দুর্ঘটনায় আহত ইউএইচএফপিও ডা. শংকরের চিকিৎসার দায়িত্ব নিল সরকার
মেডিভয়েস রিপোর্ট: কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. শংকর প্রসাদ অধিকারীর চিকিৎসার দায়িত্ব নিয়েছে সরকার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালে চিকিৎসাধীন ডা. শংকরকে দেখতে গিয়ে এ কথা জানান।
এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমী এবং হাসপাতালের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় স্বাস্থ্যমন্ত্রী আহত চিকিৎসকের পরিবারের সদস্যদের সাথে কথা বলেন ও সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, ‘ডা. শঙ্কর দুর্ঘটনায় আহত হওয়ায় আমরা গভীরভাবে মর্মাহত। প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা আহত চিকিৎসকের চিকিৎসার দায়িত্বভার নিচ্ছি। এ পর্যন্ত যে খরচ হয়েছে বা আগামীতে যে খরচ হবে তা আমরা নির্বাহ করবো। এমনকি বিদেশ নেয়ার প্রয়োজন হলে সে ব্যাপারে ব্যবস্থা নিতেও প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন।’
সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে তিনি দুর্ঘটনায় পতিত হন উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দক্ষ এই কর্মকর্তাকে সুস্থ করে তুলতে নিউরোসায়েন্সেস ইনস্টিটিউট ও হাসপাতালের চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে।
প্রসঙ্গত, পটুয়াখালীর কলাপাড়া উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. শংকর গত ১২ এপ্রিল সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। রুবেলা ও হামের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) পরিদর্শনে যাওয়ার পথে তিনি মোটর সাইকেল দুর্ঘটনায় পতিত হন বলে পর দিন ১৩ এপ্রিল স্বাস্থ্য অধিদপ্তরের ফেসবুক পেজে জানানো হয়।
দুর্ঘটনার পর তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে সিটিস্ক্যানের মাধ্যমে তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণ ধরা পড়ে। অবস্থার অবনতি হলে জরুরি ভিত্তিতে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাঁকে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে স্থানান্তর করা হয়।
বর্তমানে তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আছেন, তবে তার অবস্থা শঙ্কামুক্ত নয়।
এমইউ/