১৪ এপ্রিল, ২০২৬ ১০:৪৪ পিএম
দুই চিকিৎসকের ওএসডির আদেশ প্রত্যাহারে দাবি

অভিজ্ঞ চিকিৎসকদের যত্রতত্র বদলি মেডিকেল শিক্ষা ও সেবার জন্য মারাত্মক ক্ষতির: এনডিএফ

অভিজ্ঞ চিকিৎসকদের যত্রতত্র বদলি মেডিকেল শিক্ষা ও সেবার জন্য মারাত্মক ক্ষতির: এনডিএফ
অধ্যাপক ডা. মোস্তাফিজুর রহমান ও অধ্যাপক ডা. শহীদুল ইসলাম আকন (বাম থেকে, মাঝে এনডিএফের লোগো) ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: জুলাই গণ-অভ্যুত্থানে আহত ছাত্র-জনতার সেবায় নিবেদিত চিকিৎসকদের ওএসডি, বদলি ও প্রশাসনিক হয়রানির অভিযোগ করেছে জামায়াত সমর্থিত চিকিৎসকদের সংগঠন ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)।

আজ বুধবার (১৪ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনডিএফ সভাপতি অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম এবং মহাসচিব অধ্যাপক ডা. মাহমুদ হোসেন এ অভিযোগ করেন।

বিজ্ঞপ্তিতে এসব ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে নেতারা বলেন, ‘মানবিক দায়িত্ব পালনকারী পেশাদার চিকিৎসকদের ওপর এমন প্রতিহিংসামূলক আচরণ দেশের স্বাস্থ্যখাতে অস্থিরতা ও ভয়ের সংস্কৃতি তৈরি করছে। বিশেষ করে অভিজ্ঞ চিকিৎসকদের যত্রতত্র বদলি ও দলীয়করণের মাধ্যমে মেডিকেল শিক্ষা ও চিকিৎসা ব্যবস্থায় ধ্বংস ডেকে আনবে।’

বিজ্ঞপ্তিতে বলা হয়, ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) গভীর উদ্বেগ, ক্ষোভ ও তীব্র প্রতিবাদ জানাচ্ছে জুলাই গণ-অভ্যুত্থানের সময়ে আহত মানুষের পাশে দাঁড়ানো, মানবিক দায়িত্ব পালনকারী এবং পেশাগত সাহসিকতার পরিচয় দেওয়া চিকিৎসকদের বিরুদ্ধে সাম্প্রতিক অযৌক্তিক বদলি, ওএসডি ও প্রশাসনিক হয়রানিমূলক পদক্ষেপের ঘটনায়।

বিশেষভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের স্পাইন সার্জারির অধ্যাপক ডা. শহিদুল ইসলাম আকন এবং বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ, বিসিএস হেলথ ফোরামের সভাপতি অধ্যাপক ডা. মোঃ মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে ধারাবাহিক প্রশাসনিক পদক্ষেপ গভীরভাবে উদ্বেগজনক—বলেন এনডিএফ নেতারা।

এনডিএফ মনে করে, জুলাই আন্দোলনের সংকটময় সময়ে আহত মানুষের চিকিৎসায় এগিয়ে আসা চিকিৎসকদের বিরুদ্ধে প্রতিহিংসামূলক আচরণ শুধু ব্যক্তি-অবমাননা নয়, বরং এটি স্বাস্থ্যখাতে ভয়, অনিশ্চয়তা ও অস্থিরতার পরিবেশ তৈরি করছে। এ ছাড়া অভিজ্ঞ ও সিনিয়র চিকিৎসকদের যত্রতত্র বদলি ও ওএসডি করার ফলে হাসপাতালের সেবা, বিশেষায়িত চিকিৎসা, মেডিকেল শিক্ষা ও রোগীদের স্বার্থ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ‘সংগঠনটি আরও মনে করে সরকারি হাসপাতাল, মেডিকেল কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানসমূহে নির্লজ্জ দলীয়করণের প্রবণতা স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থার জন্য ভয়াবহ হুমকি। পেশাগত যোগ্যতা, সততা ও মানবিক অবদানের পরিবর্তে দলীয় বিবেচনাকে প্রাধান্য দেওয়া হলে তা দেশের চিকিৎসা ও শিক্ষাব্যবস্থাকে ধ্বংসের দিকে ঠেলে দেবে ‘

এনডিএফের দাবিগুলো হলো—অধ্যাপক ডা. শহিদুল ইসলাম আকন ও অধ্যাপক ডা. মো. মোস্তাফিজুর রহমানসহ সংশ্লিষ্ট চিকিৎসকদের বিরুদ্ধে গৃহীত অযৌক্তিক বদলি, ওএসডি ও প্রশাসনিক হয়রানিমূলক সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করতে হবে। সেই সঙ্গে সিনিয়র চিকিৎসকদের পদায়ন ও বদলির ক্ষেত্রে স্বচ্ছতা, ন্যায়সংগততা ও জনস্বার্থ নিশ্চিত করতে হবে।

এ ছাড়া স্বাস্থ্য ও শিক্ষা প্রতিষ্ঠানসমূহে দলীয়করণ বন্ধ করে পেশাদারিত্ব ও প্রাতিষ্ঠানিক নিরপেক্ষতা পুনঃপ্রতিষ্ঠা এবং চিকিৎসকদের পেশাগত মর্যাদা, নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত করার দাবি জানিয়েছে এনডিএফ।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনতিবিলম্বে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানায় তারা।

প্রসঙ্গত, সোমবার (১৩ এপ্রিল) মুগদা মেডিকেল কলেজের (মুমেক) সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা. মোস্তাফিজুর রহমানকে স্বাস্থ্য অধিদপ্তরে ওএসডি করে মাতুয়াইল মা ও শিশু স্বাস্থ্য ইনস্টিটিউটে সংযুক্ত করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এর আগে গত ৩০ মার্চ তাঁকে মুমেক থেকে ঢাকা মেডিকেলের পেডিয়াট্রিক্স বিভাগে বদলি করা হয়েছিল। নির্দেশনা অনুযায়ী গত ১ এপ্রিল ঢামেকে যোগদান করলেও তার যোগদানপত্র গ্রহণ না করে ১৩ দিন পর মাতুয়াইলে বদলি করা হয়েছে বলে অভিযোগ করেছেন ডা. মোস্তাফিজ।

এদিকে একই দিন ঢাকা মেডিকেল কলেজের স্পাইন সার্জারির অধ্যাপক ডা. শহীদুল ইসলাম আকনকে স্বাস্থ্য অধিদপ্তরে ওএসডি এবং রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে সংযুক্ত করে মন্ত্রণালয়।

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা

বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে

প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা

বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে

  এই বিভাগের সর্বাধিক পঠিত