দেশে প্রতি দশ হাজারে ১৭ শিশু অটিজমে আক্রান্ত, বিএমইউ সেমিনারের তথ্য
মেডিভয়েস রিপোর্ট: বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) র্যালি, সেমিনার, চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচী আয়োজনের মধ্যে দিয়ে দিবসটি উদযাপিত হয়েছে। দিবসটির মূল প্রতিপাদ্য ছিল, ‘অটিজম ও মানবতা—প্রতিটি জীবনেরই মূল্য আছে।’
বৃহস্পতিবার (২ এপ্রিল) বিএমইউ ক্যাম্পাসে এসব কর্মসূচির আয়োজন করা হয়।
এতে উপস্থিত ছিলেন বিএমইউর প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, প্রো-ভিসি (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, ইনস্টিটিউট অব প্যাডিয়াট্রিক নিউরো ডিজঅর্ডার এন্ড অটিজমের (ইপনা) পরিচালক অধ্যাপক ডা. সৈয়দা তাবাসসুম আলম, এবং শিশু নিউরোলজি বিভাগের বিভিন্ন শিক্ষক ও চিকিৎসকবৃন্দ।
সেমিনারে বক্তারা বলেন, ‘বিশ্বে অটিজমে আক্রান্ত শিশুদের সংখ্যা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। আগে যেখানে ১.৭% শিশু অটিজমে আক্রান্ত ছিল, সেখানে বর্তমানে এই সংখ্যা তিনজনে পৌঁছেছে। বাংলাদেশের পরিসংখ্যানও উদ্বেগজনক—দেশে প্রতি ১০,০০০ (দশ হাজার) শিশুর মধ্যে ১৭ জন অটিজমে আক্রান্ত।’
এ ছাড়া বক্তারা গর্ভাবস্থায় মায়ের যত্ন, আগেভাগে রোগ নির্ণয়, এবং শিশুর মানসিক বিকাশের জন্য উপযুক্ত সহায়তার ওপর গুরুত্বারোপ করেন। অটিজম আক্রান্ত শিশুদের সামাজিক পুনর্বাসন, শিক্ষা, এবং অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির মাধ্যমে একাকিত্ব দূরীকরণ এবং গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।
এ বছর দিবসটির প্রতিপাদ্য ছিল ‘অটিজম ও মানবতা—প্রতিটি জীবনেরই মূল্য আছে’। বক্তারা বলেন, এটি শুধু সচেতনতার কথা নয়, বরং সবার জন্য অন্তর্ভুক্তিমূলক পরিবেশ গড়ার আহ্বান জানানো হয়েছে। বিশেষত স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং কর্মক্ষেত্রে অটিজমে আক্রান্ত ব্যক্তিদের সম্মান, অধিকার এবং সমান সুযোগ নিশ্চিত করার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর জোর দেওয়া হয়েছে।
এই দিনের বার্তা ছিল যে, ‘অটিজম কোনো সীমাবদ্ধতা নয়; বরং এটি একটি ভিন্ন ধরনের সক্ষমতা, যা সঠিক সহায়তা এবং ভালোবাসা পেলে সমাজের জন্য ইতিবাচক অবদান রাখতে পারে।’ এ দিনটি বিশ্বজুড়ে অটিজম সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, বৈষম্য দূরীকরণ এবং সামাজিক অন্তর্ভুক্তি নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।
আয়োজনে অংশগ্রহণকারী চিকিৎসক, মনোবিজ্ঞানী, নিউট্রিশনিস্ট, চাইল্ড ডেভেলপমেন্ট থেরাপিস্ট, কাউন্সেলর এবং অন্যান্য পেশাদাররা অটিজম আক্রান্তদের জন্য সহায়ক পরিবেশ সৃষ্টির দিকে সবাইকে আরো সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।
এমআই/