০৩ এপ্রিল, ২০২৬ ১১:১৬ এএম
সংসদে স্বাস্থ্যমন্ত্রী

নতুন ৮টি সরকারি মেডিকেল স্থাপনের প্রক্রিয়া চলছে

নতুন ৮টি সরকারি মেডিকেল স্থাপনের প্রক্রিয়া চলছে
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।

মেডিভয়েস রিপোর্ট: দেশে আরও আটটি নতুন সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপনের প্রস্তাব প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।

বৃহস্পতিবার (২ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে ফেনী জেলা সদরে নতুন একটি মেডিকেল স্থাপন নিয়ে জয়নাল আবেদীনের প্রস্তাবের জবাবে এ তথ্য জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার স্বাস্থ্যসেবা ও মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিতে বদ্ধপরিকর এবং প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে। এ লক্ষ্যে প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ব্যাপক কর্মপরিকল্পনা গ্রহণ করেছে।

‘এ পর্যায়ে মাননীয় সংসদ সদস্য জনাব জয়নাল আবেদীনের প্রস্তাবের জবাবে মহান জাতীয় সংসদের মাধ্যমে জানাতে চাই যে, নতুন সরকারি মেডিকেল কলেজ স্থাপনের ক্ষেত্রে অবকাঠামো নির্মাণ, উপযুক্ত শিক্ষক পদায়ন ও যন্ত্রপাতি সংস্থানের বিষয়াবলী নিশ্চিত করা অতিব গুরুত্বপূর্ণ। এ সকল প্রস্তুতি ব্যতিরেকে নতুন মেডিকেল কলেজ স্থাপন যুক্তিযুক্ত নয়। এ কারণে যথাযথ প্রস্তুতি নিয়েই দেশের চাহিদার সাথে সঙ্গতি রেখে নতুন মেডিকেল কলেজ স্থাপনের বিষয়টি বিবেচনা করা হয়ে থাকে’—জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্য জয়নাল আবেদীন উনার বক্তব্যে উল্লেখ করেছেন ফেনীর আশপাশের কোনো জেলায় এ ধরনের কোনো প্রতিষ্ঠান নেই বা প্রস্তাব নেই। আমি তাঁর অবগতির জন্য জানাচ্ছি যে, আমাদের বাংলাদেশে বর্তমানে আটটি নতুন মেডিকেল কলেজ স্থাপনের প্রস্তাব প্রক্রিয়াধীন। তার মধ্যে মুন্সীগঞ্জে একটি, ব্রাহ্মণবাড়িয়া, ঠাকুরগাঁও, নাটোর ও নরসিংদীর প্রত্যেকটিতে একটি; ভোলা, শেরপুর এবং লক্ষ্মীপুরে একটি মেডিকেল কলেজ স্থাপনের প্রস্তাব বিবেচনাধীন এবং প্রক্রিয়াধীন রয়েছে।’

শুধু মেডিকেল কলেজ স্থাপন করলে হয় না মন্তব্য করে তিনি বলেন, ‘এর সঙ্গে প্রচুর রোগীর সংকুলান করতে হয়, অর্থাৎ একটি হাসপাতালের দরকার হয় হাতে-নাতে ছাত্রদেরকে গুনগত উচ্চ মানের শিক্ষা দেওয়ার জন্য। কাজেই এটা অনেক ব্যয় সাপেক্ষ ব্যাপার। আটটি মেডিকেল যেইগুলো প্রস্তাবাধীন ও প্রক্রিয়াধীন সেগুলোর কার্য সমাপ্তির মধ্যপথে অথবা শেষে নতুনভাবে আমাদের সরকার যখন সিদ্ধান্ত নেবে, তখন অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রীর নানীর বাড়ি এবং সাবেক প্রধানমন্ত্রীর পিতার বাড়ি এবং বর্তমান সংসদ সদস্যের অত্যন্ত আবেগঘন যে প্রস্তাব ফেনী সদরে মেডিকেল স্থাপন করা, তা আমরা বিবেচনা করবো।’

‘মাননীয় সংসদ সদস্যের প্রস্তাব বিবেচনা করবো, এই আশ্বাস দিয়ে এই প্রস্তাবটিকে প্রত্যাহার করার জন্য সবিনয়ে অনুরোধ জানাচ্ছি’—বলেন সরদার সাখাওয়াত হোসেন।

মুন্সিগঞ্জে মেডিকেল স্থাপনে নীতিগত অনুমোদন

এদিকে প্রস্তাবিত আটটির মধ্যে মুন্সিগঞ্জ জেলায় মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনের নীতিগত অনুমোদন দিয়েছে সরকার। গত ১ জানুয়ারি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।

মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ চিকিৎসা শিক্ষা-১ শাখার স্বাস্থ্যসচিব মো. সাইদুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকার অদূরে মুন্সিগঞ্জ জেলায় এই মেডিকেল কলেজ স্থাপন করা হবে। তবে অবকাঠামো উন্নয়ন কার্যক্রম সম্পন্ন হওয়া সাপেক্ষে পরবর্তীতে একাডেমিক কার্যক্রম শুরু করা হবে।

এতে বলা হয়, মুন্সিগঞ্জ জেলায় একটি নতুন সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনের নীতিগত অনুমোদন প্রদান করা হলো। বর্ণিত মেডিকেল কলেজ ও হাসপাতালের অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম সম্পন্ন হওয়া সাপেক্ষে পরবর্তীতে একাডেমিক কার্যক্রম শুরুর অনুমোদন প্রদান করা হবে।

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত