০৬ মার্চ, ২০২৬ ০৭:৫৯ পিএম

নানা সংকটের মধ্যে একজন চিকিৎসক দিনে দুইশ’ রোগী দেখেন: হাসনাত আব্দুল্লাহ

নানা সংকটের মধ্যে একজন চিকিৎসক দিনে দুইশ’ রোগী দেখেন: হাসনাত আব্দুল্লাহ
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: কুমিল্লার দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের পেশাগত নানা সমস্যার কথা তুলে ধরে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, একজন চিকিৎসককে প্রতিদিন প্রায় ২০০ জন রোগী দেখতে হয়। এ সময় তিনি সাংবাদিক ও সাধারণ মানুষের উদ্দেশে প্রশ্ন রাখেন, ‘একজন চিকিৎসকের পক্ষে প্রতিদিন ২০০ জন রোগী দেখা কীভাবে সম্ভব?’

আজ শুক্রবার (৬ মার্চ) দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৭ বছর পর অনুষ্ঠিত স্বাস্থ্য কমিটির সভা শেষে তিনি এসব কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘আমরা যদি ডাক্তারদের পেশাগত বিষয়গুলোতে যথাযথ ব্যবস্থা নিতে না পারি, তাহলে ডাক্তাররা রোগী দেখার ক্ষেত্রে প্রয়োজনীয় পরিবেশ পাবেন না। আপনারা জানেন, এই হাসপাতালটি ৫০ শয্যাবিশিষ্ট। তা সত্ত্বেও এখানে প্রায় ৯০ থেকে ১০০ জন রোগী ভর্তি থাকে। কিন্তু তারপরও চিকিৎসকেরা রোগীদের সেবা থেকে বঞ্চিত করছেন না।’

এই স্বাস্থ্য কমপ্লেক্সে জুনিয়র কনসালট্যান্ট ১০ জন থাকার কথা জনিয়ে তিনি বলেন, ‘সেখানে বর্তমানে আছেন ৯ জন, যার মধ্যে চারজন বিভিন্ন জায়গায় প্রেষণে আছেন। অর্থাৎ যেখানে ১০ জন থাকার কথা, সেখানে কার্যত আছেন মাত্র ৫ জন। এই পাঁচজন চিকিৎসক দিয়েই প্রতিদিন প্রায় ৭০০ থেকে ১ হাজার রোগী দেখতে হয়। ফেব্রুয়ারি মাসে এই হাসপাতালে মোট ১৫ হাজার ৫০০ রোগী দেখা হয়েছে। এখন চিন্তা করুন, মাত্র পাঁচজন ডাক্তার যদি ১৫ হাজার ৫০০ রোগী দেখেন, তাহলে পরিস্থিতি কতটা চাপের।’

চিকিৎসকদের পেশাগত পরিবেশ নিশ্চিত করা খুবই জরুরি উল্লেখ করে হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, ‘ডাক্তারদের কাছ থেকে আমরা যে সমস্যাগুলো শুনেছি, তার মধ্যে রয়েছে—ওয়াশরুম সুবিধা নেই, কক্ষের সুবিধা নেই। আবার রোগীদের লাইনের ব্যবস্থাপনাও চিকিৎসকদেরই করতে হয়, একই সঙ্গে তাঁদের চিকিৎসাও দিতে হয়। একজন ডাক্তারকে প্রতিদিন প্রায় ২০০ জন রোগী দেখতে হয়। আপনারাই বলুন, একজন ডাক্তারের পক্ষে প্রতিদিন ২০০ রোগী দেখা কি সম্ভব?’

‘ডাক্তারদের জোরজবরদস্তি করে স্বাস্থ্যসেবায় সম্পৃক্ত রাখা যাবে না। তাই তাদের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে। এখানে ডাক্তারদের আবাসনেরও কোনো ব্যবস্থা নেই। আমরা যদি তাদের থাকার ব্যবস্থা না করি, চিকিৎসার যথাযথ পরিবেশ না দিই, তাহলে শুধু চাপিয়ে দিলে তো হবে না।’

হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়ে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য বলেন, ‘পরিচ্ছন্নতা কর্মী আছেন মাত্র দুইজন। কিছুক্ষণ আগে আপনারাই বলেছেন, হাসপাতাল অপরিচ্ছন্ন থাকে। কিন্তু পুরো হাসপাতালের জন্য দুইজন পরিচ্ছন্নতা কর্মী যথেষ্ট নয়। এখানে অন্তত পাঁচজন বা তার বেশি পরিচ্ছন্নতা কর্মী প্রয়োজন। সে জায়গা থেকে কীভাবে পরিচ্ছন্নতা কর্মীর সংখ্যা বাড়ানো যায়, সে বিষয়ে আমরা পৌরসভার সঙ্গেও কথা বলেছি।’

রোগীদের পক্ষ থেকে আসা অভিযোগের বিষয়ে তিনি বলেন, ‘অভিযোগগুলোর মধ্যে একটি হলো, ডাক্তাররা যথাসময়ে চেম্বারে আসেন না। অর্থাৎ তাঁদের সকাল আটটা থেকে দুপুর দুইটা পর্যন্ত থাকার কথা থাকলেও তাঁরা দুইটা পর্যন্ত থাকেন না। অভিযোগ রয়েছে, তাঁরা প্রাইভেট হাসপাতালে রোগী দেখেন এবং কখনো কখনো সরকারি হাসপাতালেই আলাদাভাবে ফি নিয়ে রোগী দেখেন।’

‘আমরা তাঁদের আশ্বস্ত করেছি যে, তাঁদের পেশাগত বিষয়গুলো আমরা দেখবো। একই সঙ্গে রোগীদের বিষয়টিও তাঁদের গুরুত্ব দিয়ে দেখতে হবে। সে জায়গা থেকে তাঁরা নিশ্চিত করেছেন যে, সকাল আটটা থেকে দুপুর দুইটা পর্যন্ত হাসপাতালে অবশ্যই উপস্থিত থাকবেন।’

প্রেষণে থাকা চিকিৎসকদের ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, ‘আগামী রবিবার আরও নতুন দুইজন ডাক্তার যোগ দেবেন।’

তিনি আরও বলেন, আপনারা যে ভবনটি দেখতে পাচ্ছেন, সেটি পুনর্নির্মাণ করা হবে। ভবনটি চারতলা করা হবে। এ জন্য প্রায় ছয় কোটি টাকা বরাদ্দ আসছে। পরিকল্পনা অনুযায়ী ২০২৯ সালের মধ্যে কাজ শেষ হওয়ার কথা থাকলেও আমরা চেষ্টা করবো দ্রুত সম্ভব কাজটি সম্পন্ন করার।

টিআই/এমইউ 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক