‘হ্যাঁ’-তে সিল দিলে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে যাবে: প্রধান উপদেষ্টা
মেডিভয়েস রিপোর্ট: আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য সংসদ নির্বাচনের সঙ্গে আয়োজিত গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
আজ সোমবার (১৯ জানুয়ারি) জাতির উদ্দেশে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এই আহ্বান জানান।
ভিডিও বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, ‘নতুন বাংলাদেশ গড়ার চাবি এখন জনগণের হাতে। ‘হ্যাঁ’-তে সিল দিলে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে যাবে।’ তিনি নিজে ‘হ্যাঁ’-তে সিল দেওয়ার পাশাপাশি পরিচিত সবাইকে ভোট দিতে উদ্বুদ্ধ করার আহ্বান জানান এবং ভোটকেন্দ্রে নিয়ে আসার অনুরোধ করেন।
অধ্যাপক ইউনূস বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থান জাতির ইতিহাসে এক অসাধারণ অর্জন। এই গণঅভ্যুত্থান অপ্রত্যাশিতভাবে জাতির জীবনে গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার একটি বড় সুযোগ এনে দিয়েছে। এই লক্ষ্য সামনে রেখে এরই মধ্যে বেশ কিছু সংস্কার কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।’
প্রধান উপদেষ্টা আরও বলেন, ‘আরও গভীর ও সুদূরপ্রসারী সংস্কারের লক্ষ্যে দেশের সব রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ প্রণয়ন করা হয়েছে। এই সনদ বাস্তবায়নের জন্য জনগণের সম্মতি প্রয়োজন। সে কারণেই গণভোটের আয়োজন করা হয়েছে।’
তিনি গণভোটে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘সনদে সম্মতি দিয়ে দেশ গড়ার এই ঐতিহাসিক সুযোগ সবাইকে একসঙ্গে গ্রহণ করতে হবে।’
টিআই/