১৮ জানুয়ারী, ২০২৬ ০৪:২৮ পিএম

নারী চিকিৎসককে নিগ্রহ: সিওমেকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

নারী চিকিৎসককে নিগ্রহ: সিওমেকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: নারী ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ (সিওমেক) হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের ডাকা কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে। দাবি মেনে নেওয়ার আশ্বাসে আজ রোববার (১৮ জানুয়ারি) দুপুরে কাজে ফেরার সিদ্ধান্ত নেন তারা। তবে মানসিক প্রস্তুতির বিষয়টি বিবেচনায় রেখে ইন্টার্ন চিকিৎসকরা আজই কাজে যোগ না দিয়ে কাল (সোমবার) সকাল ৮টা থেকে নিয়মিত দায়িত্ব পালন শুরু করবেন তারা।

দুপুরে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকদের বৈঠক শেষে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঘণ্টাব্যাপী বৈঠকে হাসপাতালের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আনসার সদস্যদের ডিউটি নিশ্চিত করার আশ্বাস দেওয়া হয়েছে। পাশাপাশি ইন্টার্ন চিকিৎসকরা মোট ৮টি দাবি ও প্রস্তাব হাসপাতাল কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করেন, যা বাস্তবায়নের বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে।

ইন্টার্ন চিকিৎসকদের ৮ দফা দাবির মধ্যে রয়েছে—

১. হাসপাতালে প্রতিটি এডমিশন ইউনিটে ২ জন (একজন পুরুষ ওয়ার্ড ও একজন মহিলা ওয়ার্ড) করে প্রশিক্ষিত আনসার নিয়োজিত থাকতে হবে, 
২. ইভিনিংয়ে ১ ঘণ্টা পর পর টহল টিম থাকবে, যারা প্রতিটি ওয়ার্ডে গিয়ে তদারকি করবে, 
৩. রাতে অনকল ইন ইমার্জেন্সি হিসেবে ফোর্স প্রস্তুত থাকতে হবে,
৪. রোগীর সঙ্গে সর্বোচ্চ ২ জন এটেন্ডেন্ট থাকতে পারবে,
৫. শীতকালীন ও গ্রীষ্মকালীন আলাদা সময়ে ভিজিটিং টাইম চালু করতে হবে, সেক্ষেত্রে কোনো অবস্থায় একজন রোগীর সঙ্গে ২ জনের বেশি এটেন্ডেন্ট থাকতে পারবে না,
৬. পরিচালক স্যারের সঙ্গে প্রতি মাসে ইন্টার্ন চিকিৎসকদের একটা মাসিক সভার ব্যবস্থা করতে হবে, 
৭. হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে সর্বদা মিডলেভেল ডাক্তার থাকতে হবে, বিশেষ করে এডমিশনের দিন।
৮. অধিকাংশ এসিস্টেন্ট রেজিস্ট্রার ইন্টার্ন চিকিৎসকদের শিক্ষানবিশ সময়ে তাদের প্রয়োজনীয় শিক্ষা প্রদানের ব্যাপারে উদাসীন থাকেন, এ বিষয়ে তাদেরকে আরও দ্বায়িত্বশীল হতে হবে।

ইন্টার্ন চিকিৎসকরা জানান, হাসপাতালে যে পুলিশ বিভাগ নিয়োজিত আছে তাদেরকে হাসপাতালের নিরাপত্তার পরিবেশ সুন্দর রাখতে আরও দ্বায়িত্বশীল ও কার্যকর করতে হবে। নিয়মিত ভিত্তিতে হাসপাতালে নিয়োজিত আনসার ও আউটসোর্সিং কর্মকর্তাদের বিভিন্ন ওয়ার্ডে রোটেশন করতে হবে।

হাসপাতালে ওষুধ কোম্পানির স্বাধীন প্রবেশাধিকার বন্ধ করতে হবে, প্রয়োজনে নির্ধারিত ভিজিটিং আওয়ারের ব্যবস্থা করতে হবে।

এর আগে চিকিৎসায় অবহেলার অভিযোগে শুক্রবার (১৬ জানুয়ারি) হাসপাতালে কর্মরত ইন্টার্ন চিকিৎসক ও স্টাফদের ওপর হামলার ঘটনা ঘটে। এর প্রতিবাদে নিরাপত্তা নিশ্চিতকরণ ও দোষীদের শাস্তির দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে যান ইন্টার্ন চিকিৎসকরা।

এক বিবৃতিতে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ইন্টার্ন চিকিৎসকরা। পাশাপাশি হাসপাতালগুলোতে ইন্টার্ন ও জুনিয়র চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ও স্থায়ী ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত