দিনাজপুর মেডিকেলে আইডিএর নবগঠিত কমিটি স্থগিত
মেডিভয়েস রিপোর্ট: দিনাজপুর মেডিকেল কলেজের ইন্টার্ন ডক্টর অ্যাসোসিয়েশনের (আইডিএ) নবগঠিত কমিটি বাতিল করা হয়েছে। কমিটির অধিকাংশ সদস্যের লিখিত অনাস্থার পরিপ্রেক্ষিতে ইন্টার্ন কো-অর্ডিনেটরের সুপারিশের ভিত্তিতে কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত গ্রহণ করে।
গত ৬ জানুয়ারি দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. ফজলুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ কথা জানা গেছে।
এতে বলা হয়েছে, ‘গত ০৫/০১/২০২৬ ইং তারিখে ইন্টার্ন কো-অর্ডিনেটরের সুপারিশের পরিপ্রেক্ষিতে গঠিত ইন্টার্ন ডক্টরস্ এসোসিয়েশন, দিনাজপুর মেডিকেল কলেজ, দিনাজপুর (কার্যকরী পরিষদ ২০২৫-২৬) এর কমিটি এতদ্বারা স্থগিত করা হইল।’
জানা গেছে, কমিটি প্রকাশের পর কয়েক ঘণ্টার মধ্যে নবনির্বাচিত সভাপতি ডা. রুহুল আমিনের বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করেন কমিটির অন্যান্য সদস্যরা। তার বিরুদ্ধে পূর্বে নিষিদ্ধ ছাত্রলীগের আশ্রয়দাতা হিসেবে সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে কমিটির প্রায় ৯০ শতাংশ সদস্য লিখিতভাবে অনাস্থা জ্ঞাপন করে পরিচালক বরাবর আবেদন করেন।
এর পরিপ্রেক্ষিতে ৬ জানুয়ারি (মঙ্গলবার) ২০২৬ তারিখে কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কমিটি স্থগিত করেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, পরবর্তী কমিটি ইন্টার্ন চিকিৎসকদের মতামতের ভিত্তিতে গঠিত হবে। তবে মতামতের ভিত্তিতে কমিটি গঠন সম্ভব না হলে চলতি সেশনে কোনো কমিটি না রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি স্থগিত কমিটির কোনো সদস্য অন্যায়ভাবে কোনো কার্যক্রম পরিচালনার চেষ্টা করলে তা অপরাধ হিসেবে বিবেচিত হবে।
এমইউ/