দেশের মাটিতে তারেক রহমান
মেডিভয়েস রিপোর্ট: দীর্ঘ ১৭ বছর পর দেশের মাটিতে পা দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টা ৫৬ মিনিটে তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে।
তাঁর সঙ্গে রয়েছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। সিলেটে যাত্রাবিরতির পর সরাসরি ঢাকায় এসে পৌঁছাবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
সিলেটে যাত্রাবিরতির পর দুপুর পৌনে ১২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে বলে জানা গেছে। বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ ‘রজনীগন্ধায়’ অবস্থান করবেন তারেক রহমান।
ইতোমধ্যে তারেক রহমানের জন্য বিমানবন্দরে পৌঁছেছে বুলেটপ্রুফ গাড়ি। সকাল সাতটার কিছুক্ষণ আগে গাড়িটি বিমানবন্দরে পৌঁছায়।
এ গাড়িতে করেই তিনি বিমানবন্দর থেকে নানা কর্মসূচিতে যাবেন। এ ছাড়া যাতায়াত করবেন এই গাড়িতে করেই।
বুধবার (২৪ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত সোয়া ১০টায় লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছান তারেক রহমান। এ সময় যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরা তার সঙ্গে ছিলেন।
রাত সোয়া ১২টার দিকে তাকে বহনকারী ফ্লাইটটি ঢাকার পথে রওনা হয়। দলের প্রায় ৫০ জন নেতাকর্মী একই ফ্লাইটে বাংলাদেশে আসছেন।
এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে গণসংবর্ধনা অনুষ্ঠানস্থলে রাত থেকেই জড়ো হয়েছেন দলটির বিপুলসংখ্যক নেতা-কর্মী।
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে স্বদেশে স্বাগত জানাতে রাজধানীর পূর্বাচলের জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে (৩০০ ফিট এলাকা) আজ বৃহস্পতিবার সকালে বিএনপির নেতা-কর্মীদের ভিড় দেখা গেছে।
সকালের আলো ফোটার পর থেকেই হেঁটে হেঁটে খণ্ড খণ্ড মিছিল নিয়ে গণসংবর্ধনাস্থলে আসেন তাঁরা।
বিএনপি সূত্রে জানা গেছে, বিমানবন্দর থেকে তিনি সড়কপথে কুড়িল হয়ে ৩০০ ফিট এলাকায় নির্মিত সংবর্ধনায় যোগ দেবেন। তারেক রহমান সেখানে সংক্ষিপ্ত বক্তব্য দেবেন এবং দুপুর ৩টা ৪০ মিনিট পর্যন্ত অবস্থান করবেন। ৩০০ ফিট এলাকা থেকে সরাসরি এভারকেয়ার হাসপাতালে যাবেন।
সেখানে বিকেল ৪টা ১০ মিনিট থেকে প্রায় এক ঘণ্টা তিনি চিকিৎসাধীন মা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পাশে অবস্থান করবেন। হাসপাতাল থেকে বেরিয়ে তিনি গুলশান এভিনিউয়ের ১৯৬ নম্বর বাসভবনে (ফিরোজা) যাবেন।
এমইউ/