ওসমান হাদীর ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে সলিমুল্লাহ মেডিকেলে বিক্ষোভ
মেডিভয়েস রিপোর্ট: ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ইনকিলাব মঞ্চের শরীফ ওসমান হাদীর ওপর দুর্বৃত্তদের গুলিবর্ষণের প্রতিবাদ ও বিচারের দাবিতে বিক্ষোভ করেছে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের (এসএসএমসি) শিক্ষার্থীরা।
শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় মেডিকেল ক্যাম্পাসে শিক্ষার্থীরা এ বিক্ষোভ কর্মসূচি পালন করে। এ সময় সকল বর্ষের শিক্ষার্থীদের পাশাপাশি ইন্টার্ন চিকিৎসকরাও এতে উপস্থিত ছিলেন।
বিক্ষোভ মিছিলটি ক্যাম্পাস ও পার্শ্ববর্তী এলাকা প্রদক্ষিণ করে। এ সময় শিক্ষার্থীরা স্লোগানে স্লোগানে প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেন।
বিক্ষোভে অংশ নেওয়া এক শিক্ষার্থী বলেন, ‘চব্বিশের জুলাই আন্দোলনের প্রথম সারির যোদ্ধা ও আমাদের ভাই ওসমান হাদীকে টার্গেট কিলিংয়ের উদ্দেশ্যে গুলি করা হয়েছে। আধিপত্যবাদ ও সন্ত্রাসী রাজনৈতিক গোষ্ঠীর বিরুদ্ধে বলিষ্ঠ মুখ হাদী ভাই লাখো তরুণের জন্য আশার আলো। আমরা ঐ সন্ত্রাসী গোষ্ঠীর হাত থেকে দেশ রক্ষার জন্য চব্বিশের জুলাইয়ে এই ক্যাম্পাস থেকেই লড়াই করেছিলাম। তেমনি আজকে হাদী ভাইয়ের ওপর ঘটা নৃশংস হামলার প্রতিবাদ ও বিচারের দাবিতে সকল শিক্ষার্থী মতভেদ ভুলে ঐক্যবদ্ধ।’
অন্য এক শিক্ষার্থী বলেন, ‘পরীক্ষার প্রস্তুতির মাঝেও আমরা এখানে এসেছি। যখনই শুনেছি হাদী ভাইকে হত্যাচেষ্টা চালানো হয়েছে, তখন থেকেই বুকের মধ্যে একটা শূন্যতা অনুভব হচ্ছে। এই দেশের নষ্ট রাজনৈতিক কালচারের বিরুদ্ধে একজন হাদী ভাই আমাদের জন্য অনুপ্রেরণা। হাদী ভাইয়ের সাদামাটা লড়াইটাই যেন দেশের সকল রাজনৈতিক-অরাজনৈতিক তরুণের লড়াই। আমরা এ হত্যাচেষ্টার বিচার চাই।’
বিক্ষোভ মিছিল শেষে সংকটাপন্ন অবস্থায় থাকা হাদীর সুস্থতা কামনায় শিক্ষার্থীরা দোয়া করেন।
এর আগে, একই দিন জুমার নামাজ শেষে বিজয়নগরের বক্স কালভার্ট রোড এলাকায় রিকশাযোগে যাওয়ার সময় ওসমান হাদীর ওপর অতর্কিত হামলা চালায় দুই মোটরসাইকেল আরোহী সন্ত্রাসী। তারা কাছ থেকে গুলি করে দ্রুত পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনার পর দেশজুড়ে গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ, বিভিন্ন রাজনৈতিক দল এবং তরুণ ছাত্রসমাজ।
টিআই/