৩০ নভেম্বর, ২০২৫ ০৩:৪৬ পিএম

রমেকে খালেদা জিয়ার সুস্থতা কামনায় ড্যাব ও ছাত্রশিবিরের আলাদা দোয়া অনুষ্ঠান

রমেকে খালেদা জিয়ার সুস্থতা কামনায় ড্যাব ও ছাত্রশিবিরের আলাদা দোয়া অনুষ্ঠান
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় রংপুর মেডিকেল কলেজে (রমেক) ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পৃথকভাবে দোয়া অনুষ্ঠান করেছে।

শনিবার (২৯ নভেম্বর) কলেজের সেন্ট্রাল মসজিদে আসর পরবর্তী সময়ে ড্যাবের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন ড্যাবের রমেক হাসপাতাল শাখার সদস্য সচিব, কলেজের উপাধ্যক্ষ ও সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. আনোয়ার হোসেন, সার্জারি বিভাগের সাবেক শিক্ষক ও রমেক শাখা ড্যাবের আহ্বায়ক অধ্যাপক ডা. জাভেদ আখতার, আইসিইউ ইউনিটের ইনচার্জ ডা. মারুফুল হাসান প্রমুখ। এ সময় খালেদা জিয়ার দীর্ঘায়ু ও দ্রুত আরোগ্য কামনায় দোয়া মাহফিল পরিচালনা করেন সেন্ট্রাল মসজিদের ইমাম মাওলানা রুহুল আমীন সিদ্দিকী।

এদিকে রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছাত্রাবাসের মসজিদে একই দিন ইসলামী ছাত্রশিবিরও এশার পরে দোয়া অনুষ্ঠান আয়োজন করে। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনটির রংপুর মেডিকেল কলেজ প্রতিনিধি মোহাম্মদ শাওনসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও মেডিকেল শিক্ষার্থীরা। নেতৃবৃন্দ বলেন, ‘আমরা প্রত্যাশা করি, আল্লাহর রহমতে ও দেশবাসীর দোয়ায় খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে আমাদের মধ্যে ফিরে আসবেন।’

প্রসঙ্গত, ৮০ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনি জটিলতাসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন। গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত