বিশ্বের প্রথম এক ডোজের ডেঙ্গু টিকা ‘বুটানটান–ডিভি’র অনুমোদন দিল ব্রাজিল
মেডিভয়েস রিপোর্ট: ডেঙ্গু প্রতিরোধে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। বিশ্বে প্রথম এক ডোজের ডেঙ্গু টিকা ‘বুটানটান–ডিভি’র অনুমোদন দিয়েছে ব্রাজিল। বুধবার (২৬ নভেম্বর) টিকাটির অনুমোদন দেওয়ার পর কর্তৃপক্ষ এটিকে ‘ঐতিহাসিক অর্জন’ বলে অভিহিত করেছে।
বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ বেড়ে চলেছে। এই পরিস্থিতিতে দ্রুত ও সহজ প্রতিরোধ নিশ্চিত করতে ব্রাজিল এক ডোজের টিকা ব্যবহারের পথ বেছে নিয়েছে।
এএফপির তথ্য অনুযায়ী, ১২ থেকে ৫৯ বছর বয়সীদের জন্য অনুমোদন পাওয়া টিকার নাম ‘বুটানটান–ডিভি’, যা তৈরি করেছে সাও পাওলো–ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান বুটানটান ইনস্টিটিউট। টিকাটির ক্লিনিক্যাল ট্রায়ালে ১৬ হাজারের বেশি স্বেচ্ছাসেবী অংশ নিয়েছেন। পরীক্ষায় এটি গুরুতর ডেঙ্গু সংক্রমণের বিরুদ্ধে ৯১ দশমিক ৬ শতাংশ কার্যকারিতা দেখিয়েছে।
বর্তমানে বিশ্বে কেবল একটি ডেঙ্গু টিকা ‘টিএকে০০৩’ ব্যবহৃত হয়ে আসছে, যা নিতে হয় দুই ডোজে, তিন মাসের বিরতিতে। এ অবস্থায় এক ডোজে সুরক্ষা দিতে সক্ষম নতুন এই টিকা ডেঙ্গু প্রতিরোধে বৈশ্বিক প্রচেষ্টাকে আরও এগিয়ে নেবে বলে আশা করছে বিশেষজ্ঞরা।
ব্রাজিলজুড়ে দীর্ঘ আট বছরের গবেষণা ও পরীক্ষার পর টিকাটি অনুমোদনের পর্যায়ে পৌঁছেছে। এর ফলে অল্প সময়ের মধ্যে ব্যাপকহারে টিকাদান কার্যক্রম চালানো সম্ভব হবে বলে মনে করছে স্বাস্থ্য কর্তৃপক্ষ।
সাও পাওলোতে আয়োজিত সংবাদ সম্মেলনে বুটানটান ইনস্টিটিউটের পরিচালক এসপার কালাস বলেন, ‘ব্রাজিলে বিজ্ঞান ও স্বাস্থ্য খাতের জন্য এটি এক ঐতিহাসিক মাইলফলক। দশকের পর দশক যে রোগ আমাদের বিপর্যস্ত করে রেখেছে, তার বিরুদ্ধে এখন আমরা হাতে পাচ্ছি অত্যন্ত শক্তিশালী একটি অস্ত্র।’
দেশটিতে ডেঙ্গুর ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলায় এই টিকা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।
এফসিপিএসে নতুন নীতিমালা
‘মেধাক্রমের ভিত্তিতে ভাতা সীমাবদ্ধ হলে প্রশিক্ষণার্থীরা আর্থিক অনিশ্চয়তায় পড়বেন’
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার
ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি
ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন