কক্সবাজার মেডিকেলের কার্ড-টার্মের প্রশ্ন নিয়ে নতুন প্রকাশনী ‘মেটাফাইসিস’
মেডিভয়েস রিপোর্ট: কক্সবাজার মেডিকেল কলেজের কার্ড-টার্মের সকল প্রশ্ন সম্বলিত ‘মেটাফাইসিস’ প্রকাশিত হয়েছে। এই প্রকাশনীর মাধ্যমে বিগত ছয় বছরের সকল প্রশ্ন এক মলাটে নিয়ে আসা হয়েছে। কক্সমেক দাওয়াহ কমিউনিটির উদ্যোগে এটি সম্পাদনা করা হয়। উন্নতমানের প্রিন্টিং, অনন্য ডিজাইনের কারণে বইটি শিক্ষক-শিক্ষার্থী সকলের নজর কেড়েছে।
কক্সমেক দাওয়াহ কমিউনিটির প্রতিনিধি দল গত ২৭ অক্টোবর কলেজ অধ্যক্ষ ডা. সোহেল বকসের সঙ্গে সাক্ষাৎ করে প্রশ্নব্যাংকটি পৌঁছে দেন।
প্রশ্নব্যাংকটি হাতে পেয়ে তিনি বলেন, ‘খুবই চমৎকার একটি কাজ হয়েছে। বইটির ডিজাইন খুবই চিত্তাকর্ষী হয়েছে, কন্টেন্টগুলোও ভালো লেগেছে। তবে প্রফের প্রশ্ন যোগ করলে আরো সুন্দর হতো’
পরে ফরেনসিক ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান ডা. শাহীন আব্দুর রহমানের সঙ্গেও সাক্ষাৎ করেন দাওয়াহ কমিউনিটির সদস্যগণ। তিনিও বইটির ভূয়সী প্রশংসা করেছেন। এ সময় উপস্থিত ছিলেন ১৩তম ব্যাচের ছাত্র আদনান সিদ্দীকি, মিসবাহুল মোকাররবিন আরমান, ১৪তম ব্যাচের ছাত্র মোস্তফা শাকিল এবং ১৫তম ব্যাচের ছাত্র শাহেদুল হক তামিম ও মো. হুসাইনুল আলম।
বইয়ের উৎসর্গ অংশে স্থান পেয়েছেন মেডিকেলে জুলাই আন্দোলনের সূচনার সময় ছাত্রলীগের হাতে নির্যাতিত তিনজন সাহসী শিক্ষার্থীর পরিচিতি। তারা হলেন—৫ম বর্ষের ছাত্র মিসবাহুল মোকাররবিন আরমান, ৩য় বর্ষের ছাত্র জাহিদুল ইসলাম ও রিদোয়ানুল ইসলাম। তাদের ওপর সংঘটিত অত্যাচারের ঘটনা এখানে উঠে এসেছে। তা ছাড়াও কলেজের সম্মানিত শিক্ষকবৃন্দ এবং ঈর্ষণীয় ফলাফল করা কক্সমেকের সাবেক ও অধ্যয়নরতদের দিকনির্দেশনামূলক বক্তব্য এতে স্থান পেয়েছে।
প্রশ্নব্যাংকের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য চার মাস নিরলস পরিশ্রম করেছেন প্রশ্নব্যাংকের সম্পাদক শাহেদুল হক তামিম। তিনি অভিজ্ঞতা বর্ণনা করেন, ‘আলহামদুলিল্লাহ, আমি খুবই আনন্দিত যে, মেটাফাইসিস প্রকাশিত হয়েছে।’
‘প্রথম বর্ষে পড়ার সময় সিনিয়রদের থেকে আগের বছরের প্রশ্নগুলো সংগ্রহ করে পড়াশোনা করতাম, সেখান থেকেই আমার ইচ্ছে ছিল একটি প্রশ্নব্যাংক বানানোর। প্রথম প্রফেশনাল পরীক্ষা শেষে শুরু করি প্রশ্নব্যাংক বানানোর কাজ। প্রায় চার মাসের অক্লান্ত পরিশ্রম শেষে অধ্যায়ভিত্তিক সাজানো প্রশ্ন নিয়ে একটি খসড়া প্রস্তুত করি। পরবর্তীতে সিনিয়র আসিবুল হক ভাইয়ের পরামর্শে বইয়ে আরো বিভিন্ন নতুন পরামর্শমূলক বক্তব্য যুক্ত করি। বইটি এখন কক্সএমসি দাওয়াহ কমিওনিটি কর্তৃক প্রকাশিত হয়েছে। এজন্য ওনাদের ধন্যবাদ জানাই। আশা করি, এই বই ১ম ও ২য় বর্ষের শিক্ষার্থীদের জন্য সহায়ক হবে ইনশাআল্লাহ।’
১৭তম ব্যাচের ফার্স্ট ইয়ারের শিক্ষার্থীরাও বইটি হাতে পেয়ে উচ্ছ্বসিত। ১৭তম ব্যাচের ছাত্র ইফতেখার হোসেন জানান, ‘কক্সবাজার মেডিকেল কলেজের সিনিয়রদের উদ্যোগে প্রকাশিত কুয়েশন ব্যাংক ‘মেটাফাইসিস’ সম্প্রতি প্রথম ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। এতে কার্ড ও টার্ম উভয় ধরনের পরীক্ষার পূর্ববর্তী প্রশ্নসমূহ একত্রে উপস্থাপন করা হয়েছে, যা পরীক্ষার প্রস্তুতিতে শিক্ষার্থীদের কার্যকর দিকনির্দেশনা দিচ্ছে। বিশেষ করে ইন্টার্নাল পরীক্ষার (কার্ড বা টার্ম) আগ মুহূর্তে প্রশ্ন বিশ্লেষণ করে প্রস্তুতি নেওয়া অনেক সহজ হয়ে যায় এই বইটির মাধ্যমে। পাশাপাশি বইটিতে কলেজের সাবেক শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা ও পরামর্শ স্থান পেয়েছে, যা নবীনদের প্রাথমিক মেডিকেল যাত্রায় অনুপ্রেরণা জোগাচ্ছে।’
ভবিষ্যতে প্রফ পরীক্ষার প্রশ্ন সংযোজন করলে ‘মেটাফাইসিস’ আরও পূর্ণতা পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন শিক্ষার্থীরা।
একই ব্যাচের ছাত্রী সাদিয়া সাঈদী বলেন, ‘আমাদের সিনিয়র ভাইয়াদের অসংখ্য ধন্যবাদ এমন একটি হেল্পফুল বই প্রস্তুত করার জন্য। বইটিতে আমাদের কলেজের পূর্ববর্তী বছরের সব প্রশ্ন একসাথে দেওয়া হয়েছে, যা পরীক্ষার প্রস্তুতিতে অত্যন্ত সহায়ক। আপনাদের পরিশ্রম ও আন্তরিক উদ্যোগের জন্য সত্যিই কৃতজ্ঞ।’
এমইউ/