বিএমইউতে জাতীয় পর্যায়ের স্বাস্থ্য গবেষণার চাহিদা ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা
মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) জাতীয় পর্যায়ে স্বাস্থ্যখাতে গবেষণার চাহিদা ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত এ কর্মশালার সভাপতিত্ব করেন বিএমইউর ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাবলিউএইচও) সহযোগিতায় আয়োজিত এ কর্মশালার সঞ্চালনায় ছিলেন পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আতিকুল হক।
অনুষ্ঠানে বিএমইউর প্রো-ভিসি (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার,বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদের (বিএমআরসি) চেয়ারম্যান অধ্যাপক ডা. সায়েবা আখতার, বিএমইউর অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ আকরাম হোসেন, বিএমইউ জার্নালের নির্বাহী সম্পাদক অধ্যাপক ডা. এম মোস্তফা জামান, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, নিপোর্ট, ঢাকা মেডিকেল কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।
কর্মশালায় বক্তারা বলেন, স্বাস্থ্যখাতে গবেষণায় অগ্রাধিকার নির্ধারণের জন্য প্রয়োজন প্রমাণভিত্তিক চিকিৎসা চর্চা, ডেলফি মেথডলজি অনুসরণ, এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজিএস) মাথায় রেখে কার্যক্রম পরিচালনা।
তাঁরা মাতৃ ও শিশু স্বাস্থ্য, বয়স্কদের স্বাস্থ্যসেবা, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপসহ অসংক্রামক রোগ, পুনর্বাসনসেবা, স্বাস্থ্যব্যবস্থার উন্নয়ন ও স্বাস্থ্যশিক্ষায় গবেষণার ওপর জোর দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে, অংশগ্রহণকারীরা গবেষণা কার্যক্রমে বিভিন্ন পর্যায়ের বিশেষজ্ঞদের সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা বলেন, স্বাস্থ্যখাতে গবেষণার প্রয়োজনীয়তা নির্ধারণে এমন কর্মশালাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় যেন এ খাতে নেতৃত্ব দেয়—সেই প্রত্যাশাও ব্যক্ত করেন তারা।
টিআই/