বিশ্ব আর্থ্রাইটিস দিবসে বিএমইউতে আলোচনা সভা ও র্যালি
মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন বিভাগের উদ্যোগে উদযাপন করা হয় বিশ্ব আর্থ্রাইটিস দিবস ২০২৫। আজ রোববার (১২ অক্টোবর) বিএমইউর ব্লক সি তে এ দিবসটি উদযাপন করা হয়। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল ‘প্রতিটি সুস্থ পদক্ষেপে, আমরা আছি তোমার সাথে।’
অনুষ্ঠানের উদ্বোধন ও সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. এম. এ. শাকুর। তিনি তাঁর বক্তব্যে বাংলাদেশের ক্রমবর্ধমান আর্থ্রাইটিস সমস্যার গুরুত্ব তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, ‘সময়মতো চিকিৎসা, নিয়মিত ফিজিওথেরাপি এবং জয়েন্টের যত্ন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করলে আর্থ্রাইটিসজনিত ব্যথা ও অক্ষমতা অনেকাংশে কমানো সম্ভব। এ ছাড়া বর্তমানে আমাদের বিশ্ববিদ্যালয়ে রয়েছে ৫৭টি রোবট, যার মধ্যে ১০টি রোবট কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন। এগুলোর মাধ্যমে রিউমাটোলজিক্যাল, অর্থোপেডিক ও নিউরোলজিক্যাল সমস্যার রোগীদের চিকিৎসা দেওয়া সম্ভব।’
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহযোগী অধ্যাপক ডা. এম. এ. কে. আজাদ এবং সহযোগী অধ্যাপক ডা. গোলাম নবী। তারা বলেন, ‘আর্থ্রাইটিসের চিকিৎসায় ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। দেশের প্রতিটি মেডিকেল কলেজে পুনর্বাসন সেবা আরও সম্প্রসারিত করা সময়ের দাবি।’
অনুষ্ঠানের শেষাংশে অনুষ্ঠিত হয় সচেতনতামূলক র্যালি এবং জনসাধারণের মধ্যে তথ্যবহুল লিফলেট বিতরণ।
প্রসঙ্গত, অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল জনগণের মধ্যে আর্থ্রাইটিস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয় ও সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করা এবং জীবনযাপনের পরিবর্তনের মাধ্যমে রোগীর জীবনমান উন্নত করা।