ডা. মো. আরমান হোসেন রনি
চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল, শেরেবাংলা নগর, ঢাকা।
০৯ অক্টোবর, ২০২৫ ১২:২৬ পিএম
চোখের রোগ: কারণ ও উপসর্গ
আজ ৯ অক্টোবর 'বিশ্ব দৃষ্টি দিবস'। বিশ্বব্যাপী চোখের যত্ন নেওয়ার জন্য সচেতনতা তৈরি, চক্ষু রোগ নির্মূলে প্রভাবিত করা, চোখের যত্ন নেওয়ার তথ্য জনগণের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে প্রতিবছর অক্টোবর মাসের দ্বিতীয় বৃহস্পতিবার দিবসটি পালন করা হয়। এ বছর দিবসটির প্রতিপাদ্য বিষয় 'আপনার চোখকে ভালোবাসুন'।
চোখের সমস্যার মূলে রয়েছে কম্পিউটার আর মোবাইল ব্যবহার। অনেকেই দিনের অধিকাংশ সময় কাটান কম্পিউটার বা মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে। ফলে চোখে যে সমস্যাগুলো হয় তার সমষ্টিকে 'কম্পিউটার ভিশন সিনড্রোম' বলে।
পৃথিবীতে প্রায় ৭০ মিলিয়ন মানুষ এই ধরনের সমস্যার মুখোমুখি। আমেরিকার ন্যাশনাল ইনস্টিটিউট অব অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ এর সমীক্ষায় জানা গিয়েছে যে, যারা দিনে গড়ে দুই থেকে তিন ঘণ্টা কম্পিউটারে কাজ করেন তাদের মধ্যে প্রায় ৯০% মানুষ এই সমস্যায় ভুগেন। এদের মধ্যে আবার বেশিরভাগের বয়স ১৮ থেকে ২৫ বছর।
কেন হয়?
স্বাভাবিক নিয়মে আমাদের ঘনঘন চোখের পলক পরে। চোখের পাতার নিচে থাকে ছোট ছোট গ্রন্থি। পলক পরলে এর থেকে বিশেষ ধরনের পানি বের হয়। এটি চোখের মনিকে ভিজিয়ে রাখে। চোখ ভালো রাখতে চোখের মনি ভিজে থাকা দরকার। কিন্তু কম্পিউটার বা মোবাইলে কাজ করার সময় অধিকাংশ মানুষই অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। চোখের পলক পড়ে না। তাই তরল বের হতে পারে না। এর ফলে চোখ শুকিয়ে যায়। চোখ শুকিয়ে গেলে দেখা দেয় চোখের বিভিন্ন সমস্যা।
উপসর্গ
চোখের বিভিন্ন সমস্যা আমাদের দৈনন্দিন জীবনে ভোগান্তির কারণ হতে পারে। সুতরাং এ থেকে সুরক্ষা পেতে আগে থেকেই আমাদের সতর্ক হতে হবে। এ রোগের নানা উপসর্গ হলো—
চোখ খচখচ করা, ঝাপসা দৃষ্টি, চোখে ক্লান্তি অনুভব, চোখে জ্বালাপোড়া করা, চোখ শুকনো থাকা ও মাথাব্যথা।
প্রতিরোধ
চোখ থেকে স্ক্রিনের দূরত্ব ন্যূনতম দুই ফুট রাখা, মনিটর ৪ থেকে ৮ ইঞ্চি চোখের লেভেলের নিচে রাখা, রুমের ভেতরে পর্যাপ্ত আলো নিশ্চিত করা, স্ক্রিনের রং (কালার কনট্রাস্ট) এবং আলো মাঝামাঝি রাখা, অক্ষরের বড় ফন্ট ব্যবহার করা, চোখের পলক নিয়মিত ফেলা, ডিজিটাল ডিভাইসের দিকে একনাগারে অনেকক্ষণ তাকিয়ে না থেকে ২০ মিনিট পরপর ২০ সেকেন্ডের জন্য ২০ ফুট দূরত্বের বস্তুর দিকে তাকানো।
এমইউ/