০৫ অক্টোবর, ২০২৫ ০৫:২১ পিএম

ডেঙ্গুতে ঝরল আরও ৯ প্রাণ, হাসপাতালে ভর্তি ১০৪২

ডেঙ্গুতে ঝরল আরও ৯ প্রাণ, হাসপাতালে ভর্তি ১০৪২
প্রতীকী ছবি

মেডিভয়েস রিপোর্ট: এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ভাইরাসটিতে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২১২ জন।

এ সময় ডেঙ্গু নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১ হাজার ৪২ জন। এটিও চলতি বছরে সর্বোচ্চ। এ নিয়ে চলতি বছরে রোগটিতে মোট আক্রান্ত হয়েছেন ৪৯ হাজার ৯০৭ জন।

আজ রোববার (৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে তথ্য অনুযায়ী, প্রাণ হারানো ৯ জনের ৭ জনই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের। বাকি দুজনের একজন ঢাকা উত্তর সিটি করপোরেশন ও অন্যজন চট্টগ্রাম বিভাগের।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় যারা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের মধ্যে বরিশাল বিভাগে ১৯৫ জন, চট্টগ্রাম বিভাগে ১০৪ জন, ঢাকা বিভাগে ২০১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৯৮ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১২১ জন, ময়মনসিংহ বিভাগে ৪১ জন, রংপুর বিভাগে ২৩ জন, সিলেট বিভাগে ৯ জন ও রাজশাহী বিভাগে ৮২ জন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ৮৯৮ ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর আক্রান্ত রোগীদের মধ্যে এখন পর্যন্ত ছাড়পত্র পেয়েছেন ৪৭ হাজার ২৫৬ জন।

প্রসঙ্গত, ২০২৪ সালে মোট ডেঙ্গু আক্রান্ত হন এক লাখ এক হাজার ২১৪ জন এবং মৃত্যুবরণ করেন ৫৭৫ জন। এর আগের বছর ডেঙ্গুতে মারা যান এক হাজার ৭০৫ জন। তখন আক্রান্ত হয়েছিলেন তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত