০৫ অক্টোবর, ২০২৫ ০৪:২০ পিএম

ভারত সফররত অস্ট্রেলিয়ার চার ক্রিকেটার পেটের পীড়ায় আক্রান্ত

ভারত সফররত অস্ট্রেলিয়ার চার ক্রিকেটার পেটের পীড়ায় আক্রান্ত
ভারত সফররত অস্ট্রেলিয়া ‘এ’ দলের অধিনায়ক জ্যাক এডওয়ার্ডসহ চার ক্রিকেটার পেটের পীড়ায় আক্রান্ত। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ভারত সফররত অস্ট্রেলিয়া ‘এ’ দলের অধিনায়ক জ্যাক এডওয়ার্ডসহ চার ক্রিকেটার পেটের পীড়ায় আক্রান্ত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে আজ রোববার (৫ অক্টোবর) স্থানীয় সময় বিকেলে এ খবর দিয়েছে।

পেস বোলার হেনরি থরন্টনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কানপুরের রিজেন্সি হাসপাতালে ভর্তি করা হয়। বাকি তিন খেলোয়াড় নিয়মিত চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষার পর ছাড়পত্র পান।

থরন্টনকে দুই দিন হাসপাতালে থাকতে হয়েছে বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস। প্রতিবেদনে বলা হয়েছে, হোটেলের খাবার থেকে সংক্রমণ হতে পারে। তবে হাসপাতাল বা টিম ম্যানেজমেন্ট কেউই আনুষ্ঠানিকভাবে তা নিশ্চিত করেনি।

দলের স্থানীয় ম্যানেজার জানিয়েছেন, প্রথমে চার খেলোয়াড়কে হাসপাতালে নেওয়া হয়েছিল। পরীক্ষার ফল স্বাভাবিক আসায় তিনজন হোটেলে ফিরে যান। অন্যদিকে গুরুতর সংক্রমণের কারণে থরন্টনকে পর্যবেক্ষণে রাখা হয়। অবস্থার উন্নতি হলে তিনিও ছাড়পত্র পান এবং হোটেলে ফেরেন।

এ ঘটনার পর খেলোয়াড়দের খাদ্যতালিকা বদলে দিয়েছে অস্ট্রেলিয়া টিম ম্যানেজমেন্ট। এতে অনুশীলনে কিছুটা ব্যাঘাত ঘটলেও কর্মকর্তারা খেলোয়াড়দের সুস্থতাকে প্রাধান্য দিচ্ছেন।

দলীয় সূত্র জানিয়েছে, অস্ট্রেলিয়া ‘এ’ দলের চিকিৎসকেরা নিবিড়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। খেলোয়াড়দের স্থানীয় খাবার ও পানীয় এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, থরন্টনের অবস্থা এখন স্থিতিশীল। তবে কবে তিনি মাঠে ফিরতে পারবেন, তা পরবর্তী স্বাস্থ্য পরীক্ষার পর জানা যাবে।

এদিকে ভারতের খাদ্য অধিদপ্তর হোটেলের রান্নাঘর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করেছে। তবে কোনো ধরনের দূষণ বা অনিয়ম পাওয়া যায়নি। 

হোটেল কর্তৃপক্ষের দাবি, তাদের খাবার থেকে সংক্রমণ হয়নি; বরং আবহাওয়ার পরিবর্তনকে কারণ হিসেবে দেখিয়েছে তারা।

এ প্রসঙ্গে বিসিসিআইয়ের সহ সভাপতি রাজীব শুক্লা বলেন, ‘হোটেলটি কানপুরের সেরা হোটেলগুলোর একটি। যদি খাবারের কারণেই অসুস্থতা হতো, তাহলে সব খেলোয়াড় আক্রান্ত হতো। বিষয়টি আরও খতিয়ে দেখা দরকার।’

প্রসঙ্গত, ভারত 'এ' এবং অস্ট্রেলিয়া 'এ' দলের মধ্যে তিন ম্যাচের চলমান ওয়ানডে সিরিজ ১-১ সমতায় রয়েছে। আজ শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে। এই ম্যাচ দিয়েই অস্ট্রেলিয়া ‘এ’ দলের ভারত সফর শেষ হবে। এর আগে দুই ম্যাচের টেস্ট সিরিজ জিতেছিল ভারত 'এ' দল।

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও